মালদা,বিশ্বজিৎ মন্ডল; মালতীপুর বিধানসভা কেন্দ্রে রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন দেখা গেল। গৌরহন্ড অঞ্চলের ডুমরু এলাকায় বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন প্রায় ৬০টি পরিবার। এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন মালতীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ও বিধায়ক আব্দুর রহিম বক্সি মহাশয়। তিনি নিজে নতুন যোগদানকারী পরিবারগুলোর হাতে দলীয় পতাকা তুলে দেন এবং তাদের স্বাগত জানান। এদিনের কর্মসূচিতে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।
স্থানীয় মানুষজনের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক প্রকার জনসমাবেশে পরিণত হয়। নতুন যোগদানকারীরা জানান, উন্নয়ন এবং সাধারণ মানুষের পাশে থাকার রাজনীতিতে অনুপ্রাণিত হয়েই তারা তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তারা আরও বলেন, বর্তমান সময়ে এলাকায় উন্নয়নের ধারা বজায় রাখতে তারা তৃণমূলের সঙ্গেই থাকতে চান। অন্যদিকে, আব্দুর রহিম বক্সি এর পক্ষ থেকে জানানো হয়েছে, এই যোগদান তাদের সংগঠনকে আরও শক্তিশালী করবে এবং আসন্ন নির্বাচনে এর ইতিবাচক প্রভাব পড়বে।


