বিয়ের দেড় মাসের মাথায় দুই থেকে তিন হওয়ার সুখবর শোনালেন বিজয়-রশ্মিকা। সেলেবদের হাঁড়ির খবর নিয়ে বরাবরই অনুরাগীমহলের কৌতূহল। বিজয় দেবেরাকোন্ডা এবং রশ্মিকা মন্দানার ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়! গত দেড় মাসে যেন আরও বেশি লাইমলাইটে সেলেবদম্পতি। এবার ‘বিগ ফ্রাইডে নিউজ’ ভাগ করে নিলেন ভক্তদের সঙ্গে। সদ্য ইনস্টাগ্রামে ব্যঙ্গচিত্রের ভিডিও শেয়ার করেছেন বিজয়-রশ্মিকা।
সেই পোস্টের ক্যাপশনেই উল্লেখ, ‘আমরা এখন তিনজন’। আর নবপরিণীতা নায়িকার এহেন পোস্টই আপাতত সোশাল পাড়ার চর্চায়। বিজয় দেবেরাকোন্ডা এবং রশ্মিকা মন্দানার অনুরাগীমহলেও উল্লাসের জোয়ার। যদিও আনুষ্ঠানিকভাবে অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেননি সেলেবদম্পতি। তবে এহেন পোস্টের ক্যাপশনে দুয়ে দুয়ে চার করে ভক্তদের অনুমান, এবার হয়তো মা-বাবা হিসেবে জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন বিজয়-রশ্মিকা। তবে শুভেচ্ছার সঙ্গে সঙ্গী হয়েছে নেটদুনিয়ার কৌতূহলী নীতিপুলিশদের তীর্যক বাক্যবাণও!


