উত্তর সিকিমে ভয়াবহ ভূমিধস,আটকে কয়েকশো পর্যটক। ভূমিধসে একাংশ ভেঙে ঝুলছে সদ্য তৈরি হওয়া সেতু! ভারী তুষারপাতের পর এবার ঝড়বৃষ্টির জেরে ভূমিধসে বিচ্ছিন্ন লাচেন। দুর্যোগে আটকে পড়েছেন কয়েকশো পর্যটক। রাস্তায় দাঁড়িয়ে পর্যটকদের কয়েকশো গাড়ি। পর্যটকদের উদ্ধারের কাজ চলছে। তবে আবহাওয়ার আরও অবনতির আশঙ্কার করহা জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী ১১ এপ্রিল পর্যন্ত উত্তর সিকিমে বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
ঝড়বৃষ্টির জেরে লাচেনের পরিস্থিতি অত্যন্ত খারাপ বলে খবর। একাধিক এলাকায় ভূমিধস হয়েছে। রাস্তা ভেঙে গিয়েছে। রবিবার ভোরে তারামচুতে ভয়াবহ ভূমিধসের জেরে আটকে পড়ে এক শতাধিক পর্যটক বোঝাই গাড়ি। চুংথাং–লাচেন সড়ক বন্ধ করে লাচেনগামী পর্যটকদের দোনকিয়ালা–লাচুং পথ দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের সিকিম কেন্দ্র থেকে ১১ এপ্রিল পর্যন্ত উত্তর সিকিমে বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।


