বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রঘুনাথগঞ্জে তৃণমূল কংগ্রেসের প্রচারে নতুন মাত্রা যোগ করলেন বাংলার সুপারস্টার তথা সাংসদ দেব। রবিবার ৫৯ নম্বর রঘুনাথগঞ্জ বিধানসভা কেন্দ্রে প্রার্থী আখরুজ্জামানের সমর্থনে তাঁর রোড শো ঘিরে দেখা গেল নজিরবিহীন জনসমাগম।জঙ্গিপুর সাংগঠনিক জেলার রঘুনাথগঞ্জ বিধানসভার বড়শিমুল ময়দান সংলগ্ন এলাকা থেকে শুরু হওয়া এই রোড শোতে সকাল থেকেই মানুষের ঢল নামে।
বিভিন্ন গ্রাম ও পঞ্চায়েত এলাকা থেকে দলে দলে মানুষ এসে জড়ো হন। দেব এলাকায় পৌঁছাতেই উচ্ছ্বাস চরমে ওঠে। খোলা গাড়িতে দাঁড়িয়ে তিনি হাত নেড়ে সাধারণ মানুষকে অভিবাদন জানান। আর তার জবাবে স্লোগান ও করতালিতে মুখর হয়ে ওঠে গোটা এলাকা।রোড শোর পুরো রুট জুড়ে দলীয় পতাকা, ব্যানার ও পোস্টারে ছেয়ে যায় রাস্তা। স্থানীয় তৃণমূল নেতৃত্বের পাশাপাশি বিপুল সংখ্যক কর্মী-সমর্থক শোভাযাত্রায় অংশ নেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, তারকা প্রচারক হিসেবে দেবের উপস্থিতি এই কেন্দ্রে তৃণমূলের প্রচারে বাড়তি গতি এনে দিয়েছে।নিরাপত্তা ব্যবস্থাও ছিল চোখে পড়ার মতো।
সমভাব্য ভিড়ের কথা মাথায় রেখে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। ট্রাফিক নিয়ন্ত্রণ ও ভিড় সামাল দিতে নেওয়া হয় বিশেষ ব্যবস্থা। তবে জনসমাগম এতটাই বেশি ছিল যে, অনেক জায়গায় ধীরগতিতে এগোতে হয়েছে রোড শোকে।স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, এ ধরনের ভিড় ও উন্মাদনা বহুদিন পর দেখা গেল এলাকায়। তাদের মতে, এই রোড শো শুধুমাত্র রাজনৈতিক কর্মসূচি নয়, একপ্রকার জনউৎসবে পরিণত হয়েছে।এদিকে, ভোটের আগে এই শক্তিপ্রদর্শন রঘুনাথগঞ্জে রাজনৈতিক সমীকরণে কতটা প্রভাব ফেলবে, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।


