মঙ্গলবার সন্ধের কালবৈশাখীর তাণ্ডবে কার্যত লণ্ডভণ্ড হয়ে গেল পশ্চিম মেদিনীপুর। ঝড়ের দাপটে গাছ পড়ে অবরুদ্ধ একাধিক রাস্তা। ছিঁড়েছে বিদ্যুৎ পরিবাহী তার। ফলে জেলা জুড়ে শুরু হয়েছে চরম ভোগান্তি। বিপর্যয়ের কবলে জনজীবন। এ দিন আচমকাই আকাশের মুখ ভার হয়। শুরু হয় ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগের ঝোড়ো হাওয়া ও প্রবল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। ঝড়ের দাপটে বহু জায়গায় উপড়ে গিয়েছে বড় গাছ। মেদিনীপুর শহরের একাধিক এলাকায় রাস্তার ওপর ডাল ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত হয়। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় অন্ধকারে জেলা। বেশ কিছু মাটির বাড়ি ভেঙে পড়ার খবরও মিলেছে।
স্থানীয়দের কথায়, ‘একাধিক এলাকায় ঝড়ের দাপট ছিল ব্যাপক।’ আবহাওয়া দফতর সতর্কতা জারি করে জানিয়েছিল, ‘৬০ থেকে ৭০ কিলোমিটার ঝোড়ো হাওয়া বইতে পারে।’ ঝড়ের তাণ্ডবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানায়নি জেলা প্রশাসন। তবে বৃষ্টির রেশ বজায় থাকায় রাতভর জনজীবন বিপর্যস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা এখন ঝড়ের স্মৃতি মেখে কার্যত দিশেহারা।


