ডায়মন্ড হারবার মহকুমা শাসকের দপ্তরে মনোনয়ন জমা দেওয়াকে ঘিরে মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনায় রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়ে। এদিন বিজেপি প্রার্থীদের সমর্থনে সেখানে উপস্থিত ছিলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। শাসক দলকে তীব্র ভাষায় আক্রমণ করে তিনি বলেন, মমতা যা করছেন, তা ওনার কাজ নয়।এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।
এদিন কুলপি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অবনি নস্কর, মন্দিরবাজারের প্রার্থী মল্লিকা পাইক এবং মগরাহাট পশ্চিম কেন্দ্রের প্রার্থী গৌড় সুন্দর ঘোষ সমর্থকদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে ডায়মন্ড হারবার এসডিও অফিসে পৌঁছন। মনোনয়ন জমা দেওয়ার সময় বিজেপি কর্মী-সমর্থকদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। গোটা এলাকা জুড়ে স্লোগান ও পতাকায় মুখর হয়ে ওঠে পরিবেশ।
মনোনয়ন জমা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিপ্লব দেব বলেন, বিজেপি প্রার্থীরা আজ মনোনয়ন জমা দিতে এসেছে এবং তাদের জয়ের বিষয়ে তিনি আশাবাদী। তাঁর দাবি, বাংলার মানুষ পরিবর্তন চাইছে এবং এই অপশাসন থেকে মুক্তি পেতে বিজেপির দিকেই তাকিয়ে রয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, রাজ্যে গণতান্ত্রিক পরিবেশ সংকুচিত হয়ে পড়েছে এবং সাধারণ মানুষ অনেক ক্ষেত্রে নিজেদের মত প্রকাশ করতে পারছে না। বিজেপি ক্ষমতায় এলে স্বচ্ছ প্রশাসন ও উন্নয়নের নতুন পথ খুলবে বলেও দাবি করেন তিনি।
অন্যদিকে বিজেপি প্রার্থীরাও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। কুলপির প্রার্থী অবনি নস্কর বলেন, এলাকার মানুষ পরিবর্তনের জন্য প্রস্তুত। মন্দিরবাজারের প্রার্থী মল্লিকা পাইক জানান, নারী নিরাপত্তা ও উন্নয়নের প্রশ্নে মানুষ এবার নতুন বিকল্প খুঁজছে। মগরাহাট পশ্চিমের প্রার্থী গৌড় সুন্দর ঘোষও বলেন, দীর্ঘদিন ধরে এলাকার মানুষের পাশে থেকেছেন, তাই তাদের সমর্থন পাবেন বলেই তিনি আশাবাদী।
সব মিলিয়ে ডায়মন্ড হারবারে এদিনের মনোনয়ন জমা দেওয়ার কর্মসূচি রাজনৈতিক বার্তা ও পাল্টা বার্তায় বেশ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।


