কলকাতায় পাকিস্তানের হামলার হুমকিতে কেন নীরব প্রধানমন্ত্রী, হুঙ্কার মমতার

ভারত যদি ভবিষ্যতে কোনও মিথ্যা অজুহাতে পাকিস্তানে অভিযান চালায়, তবে আমরা তা কলকাতা পর্যন্ত নিয়ে যাব’— পাক প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফের.....

ভারত যদি ভবিষ্যতে কোনও মিথ্যা অজুহাতে পাকিস্তানে অভিযান চালায়, তবে আমরা তা কলকাতা পর্যন্ত নিয়ে যাব’— পাক প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফের এই হুঙ্কার নিয়ে ফের আর একবার সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার কালিপুর স্পোর্টস কমপ্লেক্সের জনসভা থেকে তাঁর প্রশ্ন, প্রতিবেশী দেশের এমন প্রকাশ্য হুমকির মুখেও কেন দিল্লির শাসক শিবিরের মুখে রা নেই? নমিনেশন জমা দিয়েই নির্বাচনী রণক্ষেত্রে মেজাজে ধরা দিলেন তৃণমূল নেত্রী।

পাক হুমকির পাশাপাশি বুধবার মুখ্যমন্ত্রী তাঁর নিশানায় রাখেন কমিশন এবং বিজেপিকেও। এদিন ‘এসআইআর’ ইস্যুতে সুর চড়িয়ে তিনি অভিযোগ করেন, বহু মানুষের নাম পরিকল্পিতভাবে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। ট্রাইবুনালে আবেদনের সুযোগ না দিয়ে কেন আগেই ভোটার তালিকা ‘ফ্রিজ’ করে দেওয়া হল, সেই প্রশ্ন তুলে আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। আরামবাগের মাটি থেকে এদিন মমতা বলেন, ‘লুকিয়ে লুকিয়ে কিছু আরএসএস-এর লোক, ত্যাগী থেকে ভোগী হয়ে গিয়েছে। তাঁরা আপনাদের কাছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট চাইবে। একবারে দেবেন না। এই ভুলটা করবেন না। ভোটের পর সব টাকা তুলে নেবে’।

আরামবাগের এই সভায় প্রতিশ্রুতির বন্যাও বইয়ে দেন নেত্রী। জানিয়ে দেন, সব বাড়ি পাকা হবে এবং ‘লক্ষ্মীর ভাণ্ডার’ মিলবে সারাজীবন। আলু চাষিদের আশ্বস্ত করে তিনি জানান, সরকার মিড-ডে মিল ও আইসিডিএস-এর জন্য সরাসরি আলু কিনছে। পাশাপাশি চাষিরা চাইলে বাইরেও আলু বিক্রি করতে পারেন। সব মিলিয়ে ভোটের মুখে উন্নয়নের ডালি সাজিয়েও মেজাজে বিরোধী মেজাজেই আক্রমণ শানালেন মমতা।

আরও পড়ুন