সতর্ক মেয়ার্স্কে থমকে বিশ্ব বাণিজ্যের ছন্দ

মার্কিন–ইরান যুদ্ধবিরতির ঘোষণার পরেও হরমুজ প্রণালী দিয়ে স্বাভাবিক জাহাজ চলাচল ফেরাতে এখনও রাজি নয় বিশ্বের অন্যতম বৃহৎ শিপিং সংস্থা মেয়ার্স্ক।.....

মার্কিন–ইরান যুদ্ধবিরতির ঘোষণার পরেও হরমুজ প্রণালী দিয়ে স্বাভাবিক জাহাজ চলাচল ফেরাতে এখনও রাজি নয় বিশ্বের অন্যতম বৃহৎ শিপিং সংস্থা মেয়ার্স্ক। সংস্থার স্পষ্ট বক্তব্য, এই মুহূর্তে তারা সতর্ক অবস্থানেই থাকছে এবং কোনও পরিষেবায় পরিবর্তন আনছে না।

ফেব্রুয়ারিতে মার্কিন–ইজরায়েল হামলার পর ইরানের পাল্টা আঘাত এবং তারপর কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে যাওয়ায় উপসাগরীয় অঞ্চলে জাহাজ চলাচল প্রায় স্তব্ধ হয়ে পড়ে। এর সরাসরি প্রভাব পড়ে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ এবং বাণিজ্য শৃঙ্খলে।

 

মেয়ার্স্ক জানিয়েছে, যুদ্ধবিরতি কিছু সম্ভাবনা তৈরি করলেও এখনও পূর্ণ সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত হয়নি। ফলে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। পরিস্থিতি নিয়মিতভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে, ঝুঁকি মূল্যায়ন করা হচ্ছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশিকা মেনে তবেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এই অনিশ্চয়তার মধ্যেই বিকল্প ব্যবস্থা জোরদার করেছে সংস্থা। সৌদি আরবের জেদ্দা, ওমানের সালালাহ ও সোহার এবং সংযুক্ত আরব আমিরশাহির খোর ফাক্কান বন্দর ব্যবহার করে পণ্য আনা হচ্ছে, তারপর স্থলপথে তা উপসাগরীয় বিভিন্ন দেশে পৌঁছে দেওয়া হচ্ছে।

 

বিশেষজ্ঞদের মতে, হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ পথ। এই পথ ঘিরে সামান্য অনিশ্চয়তাও তেলের বাজারে অস্থিরতা তৈরি করে, পরিবহণ ব্যয় বাড়ায় এবং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় চাপ সৃষ্টি করে।

যুদ্ধবিরতি রাজনৈতিকভাবে স্বস্তির বার্তা দিলেও, বাস্তব বাণিজ্য জগতে আস্থা এখনও ফেরেনি—মেয়ার্স্কের এই সতর্ক অবস্থান সেই বাস্তব চিত্রই স্পষ্ট করে দিচ্ছে।

আরও পড়ুন