‘ভুলে যান কে প্রার্থী, আমার মুখ মনে রাখবেন। মনে রাখবেন, দিদি বিপদের দিনের সাথী। দিল্লির জমিদার নয়।’ ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে ২৯৪ আসনে তিনি নিজেই প্রার্থী বলে প্রচারের পরে এবারের বিধানসভা নির্বাচনেও আবার ব্যক্তিগত পছন্দ-অপছন্দ ভুলে তাঁকে দেখে ভোট দেওয়ার আহ্বান জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।
পানিহাটি থেকে এবারের বিজেপির টিকিটে প্রার্থী হয়েছেন আরজিকরের নির্যাতিতার মা রত্না দেবনাথ। প্রার্থী হওয়ার পর থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিজেপি প্রার্থী মমতার বিরুদ্ধে নানা করুন মন্তব্য করেছেন বলে প্রকাশ্যে এসেছে। বৃহস্পতিবার পানিহাটির জনসভা থেকে বিজেপি প্রার্থীর নাম না করে রাজনৈতিক সৌজন্যের বার্তা দিয়ে মমতা বলেন, ‘অন্যদের চরিত্র হননের আগে নিজেদের চরিত্র ভাবুন। বাংলাকে অনেক বদলাম করেছেন।
একদিন না এক দিন বুঝবে। আমি যখন রেলমন্ত্রী ছিলাম, আমাকে বাংলার রেলমন্ত্রী বলত। আমি পুষ্কর, আজমেঢ়, দিল্লির মেট্রো রেল, মুম্বই রেলবিকাশ কর্পোরেশন করে দেওয়ার পরেও এ সব বলত। এখনও হিংসা করে বাংলাকে। আপনার সন্তান, শিক্ষা, ইতিহাস, খাবার, সংস্কৃতি, অধিকার যদি বাঁচাতে হয়, আপনাদের দরকার তৃণমূল সরকার। যে যতই নাটক, ছলনা করুক, একটা কথা বলবেন, ভোটে কেউ প্রার্থী হলে তাঁর নিজের কথা বলার অধিকার রয়েছে। কিন্তু ভোট রাজনীতির অঙ্গ। এক রাজনীতির লোক অন্য রাজনীতিক লোককে বলতেই পারে। কিন্তু আমি কাউকে কটূক্তি করব না। আপনারাও সৌজন্যের সীমারেখা রাখবেন।’
বিজেপিকে আরো একবার বাংলা বিরোধী বলে অভিযোগ করে মমতার বক্তব্য, ‘বাংলাকে টার্গেট করেছে। যাদের নিয়ে এসেছেন, রোজ চমকাচ্ছেন। তারা দুঃখিত। এত কিসের অহঙ্কার? দুরাচারী, স্বৈরাচারী। এদের কোনও ক্ষমা নেই। যদি রক্ষা করতে হয় বাংলা, আগে অন্য কোনও পার্টিকে ভোট দিয়েও থাকলে এ বার আর দেবেন না। অন্য পার্টি জিতবে না। মাঝখান থেকে বিজেপি যাতে জিতে না যায়, তাই করুন। বিজেপি যাতে একটি আসনেও না জেতে, দেখবেন। বাংলার স্বার্থে। মানুষ কী খাবে, তুমি ঠিক করবে? আমরা দুর্গা, লক্ষ্মী, কালী পুজো করি। আপনাদের চিঁড়ে-দইয়ের মেলা হয়। ছট পুজোয় ঘাট সাজিয়ে দিই। বড়দিনেও সাজাই। চমক, ধমক, লাঞ্ছনা অনেক দেখেছি। কোনও দিন মাথা নত করিনি। আজও করব না। জনগণের আদালতে আগামী দিনে হতে হবে ভোটবন্দি। মানুষকে লাইনে দাঁড় করিয়েছো। টাকা নিয়েছো। সব জায়গায় বলেছো আধার কার্ড দরকার। এখন বলছো ভোটের সময়, আধার কার্ড নেই দরকার। এই হল চরিত্র।’
কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা এবং দিল্লি থেকে আসা বিজেপি নেতাদের বিঁধে মমতা এ দিন ছন্দের আদলে কটাক্ষ করেন। তিনি বলেন, ‘ওহে মোটাভাই, সাথে ইডি, সিবিআই। দিল্লিতে থেকে এল গাই, সাথে ইডি, সিবিআই। হুমকি দিচ্ছেন সকলকে। ধমক দিচ্ছেন। ওঁর কাজ ফোন করে ধমকানো।’ নেত্রীর অভিযোগ, অনেককে কব্জা করার চেষ্টা চললেও তাঁর ক্ষেত্রে তা সফল হয়নি। তাঁর কথায়, ‘কেউ কেউ কিছু পাওয়ার জন্য মাথা নত করে। আমাকে কব্জা করার জন্য অনেক চেষ্টা করেছে, পারেনি। পারবেও না।’ ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ‘এখন বিজেপি কুৎসা করছে। পরিকল্পনা করছে। নিজের ভোট নিজে দেবেন। ইভিএম খারাপ হলে তাতে ভোট দেবেন না। অনেক অপেক্ষা করেছেন লাইনে, এক দিন একটু অপেক্ষা করবেন। ভিভিপ্যাট ছাড়া ভোট দেবেন না। নতুন যন্ত্র এলে এজেন্টকে দেখতে হবে, তাঁর ভোট তাঁর দলেই পড়ছে কি না! এঁদের বিশ্বাস করি না।’

