ভোটের আগে গাজোলে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ

আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলার পরিস্থিতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার মালদা জেলার গাজোল ব্লকের বিভিন্ন গ্রামে কেন্দ্রীয় বাহিনী নিয়ে পরিদর্শন সারল.....

আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলার পরিস্থিতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার মালদা জেলার গাজোল ব্লকের বিভিন্ন গ্রামে কেন্দ্রীয় বাহিনী নিয়ে পরিদর্শন সারল প্রশাসন। এদিন গাজোল থানার আইসি কৌশিক ব্যানার্জি এবং বিডিও সুমন ঘোষের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় জওয়ানরা মাঝরা অঞ্চলের বাগদীঘি এবং পাণ্ডুয়া অঞ্চলের ভাণ্ডারী পাড়া সহ একাধিক বুথ এলাকা পরিদর্শন করেন। মূলত সাধারণ মানুষের মনে আত্মবিশ্বাস জাগাতে এবং নির্ভয়ে ভোটদানের বার্তা দিতেই এই রুট মার্চ করা হয়।

 

তবে পরিদর্শন চলাকালীন প্রশাসনের সামনে উঠে আসে এলাকার দীর্ঘদিনের বঞ্চনার ছবি। গ্রামবাসীরা অভিযোগ করেন, মাঝরা ও পাণ্ডুয়া এলাকার রাস্তাঘাট দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়ে রয়েছে। বৃষ্টি হলেই রাস্তা জলমগ্ন হয়ে পড়ায় স্কুলপড়ুয়া থেকে শুরু করে কৃষক ও শ্রমিকদের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হয়। স্থানীয়দের দাবি, নির্বাচনের সময় বারবার প্রতিশ্রুতি মিললেও রাস্তার সমস্যার সমাধান হয়নি। গ্রামবাসীদের অভাব-অভিযোগ শুনে বিডিও সুমন ঘোষ আশ্বাস দেন যে, নির্বাচন প্রক্রিয়া মিটে গেলেই বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হবে। প্রশাসন সূত্রে জানানো হয়েছে, ওই এলাকাগুলিতে অতীতে কোনো উত্তেজনার ইতিহাস না থাকলেও, নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ ভোট করানোই তাঁদের মূল লক্ষ্য।

আরও পড়ুন