মাফিয়া রাজ শেষ করে শিল্পে ফিরবে বাংলার গৌরব-হুঙ্কার মোদির

মাফিয়া ও জঙ্গল রাজ শেষ করে বাংলায় শিল্প ও ঐতিহ্য ফিরিয়ে আনা হবে—এই বার্তা দিয়েই আসানসোলের পোলো গ্রাউন্ডে বিজয় সংকল্প.....

মাফিয়া ও জঙ্গল রাজ শেষ করে বাংলায় শিল্প ও ঐতিহ্য ফিরিয়ে আনা হবে—এই বার্তা দিয়েই আসানসোলের পোলো গ্রাউন্ডে বিজয় সংকল্প সভা থেকে তৃণমূলকে তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার দুপুরের এই জনসভা থেকেই তিনি বাংলায় পরিবর্তনের ডাক দেন এবং দাবি করেন, রাজ্যের মানুষ এখন বদলের জন্য অপেক্ষা করছে।সভা শুরুতেই মা কল্যাণেশ্বরী ও মা ঘাঘর বুড়িকে প্রণাম জানিয়ে মোদি বলেন, আসানসোলের বিপুল জনসমাগমই প্রমাণ করছে যে, গোটা বাংলা পরিবর্তন চাইছে। তাঁর কথায়, একসময় শিল্প, খনি ও কর্মসংস্থানের জন্য পরিচিত ছিল আসানসোল ও দুর্গাপুর। সাইকেল, কাঁচ, অ্যালুমিনিয়াম শিল্প ও কয়লা খনি ঘিরে গড়ে উঠেছিল এই অঞ্চলের অর্থনীতি।

 

দেশের বিভিন্ন প্রান্ত থেকে যুবকরা এখানে কাজের সন্ধানে আসতেন। কিন্তু বর্তমানে সেই গৌরব অনেকটাই হারিয়েছে বলে আক্ষেপ প্রকাশ করেন তিনি।প্রধানমন্ত্রীর অভিযোগ, রাজ্যে শিল্পোন্নয়ন থমকে গিয়েছে এবং কর্মসংস্থানের অভাবে বাংলার যুবসমাজ অন্য রাজ্যে চলে যেতে বাধ্য হচ্ছে। তিনি আশ্বাস দেন, বিজেপি ক্ষমতায় এলে আসানসোল-দুর্গাপুর শিল্পাঞ্চলের হারানো গরিমা ফিরিয়ে আনা হবে এবং বন্ধ কলকারখানাগুলি পুনরায় চালু করার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি কয়লা ও বালি মাফিয়াদের হাত থেকে এই অঞ্চলকে মুক্ত করার প্রতিশ্রুতিও দেন তিনি।রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে মোদি বলেন, গোটা দেশ যখন দ্রুত এগিয়ে চলেছে, তখন তৃণমূল বাংলাকে পিছনের দিকে ঠেলে দিচ্ছে।

 

তাঁর দাবি, একসময় দেশের মোট আয়ের মধ্যে বাংলার অবদান ছিল প্রায় ১২ শতাংশ, যা বর্তমানে অনেকটাই কমে গেছে। কংগ্রেস, বামফ্রন্ট এবং তৃণমূল—এই তিন দলের শাসনকেই তিনি এর জন্য দায়ী করেন।তিনি আরও অভিযোগ করেন, সাধারণ মানুষের প্রাপ্য অর্থ লুট করে শাসক দলের নেতাদের বিলাসবহুল জীবনযাপন চলছে। আসানসোলের কয়লা অঞ্চল সিন্ডিকেটের নিয়ন্ত্রণে চলে গিয়েছে বলেও দাবি করেন তিনি। সবকা সাথ, সবকা বিকাশের পাশাপাশি এবার সবকা হিসাবও হবে—এই মন্তব্য করে তিনি দুর্নীতির বিরুদ্ধে কড়া পদক্ষেপের ইঙ্গিত দেন।উন্নয়নের রূপরেখা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বিজেপি সরকার এলে আসানসোল-দুর্গাপুরকে মিলিয়ে একটি মেগা সিটি গড়ে তোলা হবে। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের উল্লেখ করে তিনি জানান, প্রায় ৪৫ হাজার কোটি টাকার বিনিয়োগ, গ্যাস পাইপলাইন সংযোগ এবং বন্দে ভারত ট্রেন পরিষেবার মাধ্যমে এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা হচ্ছে।

 

অমৃত ভারত প্রকল্পের অধীনে আসানসোল স্টেশনের আধুনিকীকরণ এবং ইএসআই হাসপাতালকে পূর্ণাঙ্গ মেডিকেল কলেজে রূপান্তরের কথাও উল্লেখ করেন তিনি।নারী নিরাপত্তার প্রসঙ্গ তুলে তৃণমূল নেত্রী-কে আক্রমণ করে মোদি বলেন, রাজ্যে মহিলারা নিরাপদ নন এবং শাসক দল অপরাধীদের রক্ষা করছে। বিজেপি ক্ষমতায় এলে মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং তাঁদের আত্মনির্ভর করে তোলা হবে বলে তিনি আশ্বাস দেন।সীমান্ত নিরাপত্তা ও অনুপ্রবেশের বিষয়েও উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, তুষ্টিকরণ রাজনীতির কারণে রাজ্যে পরিস্থিতি জটিল হচ্ছে। তাঁর অভিযোগ,অনুপ্রবেশকারীদের মদত দেওয়া হচ্ছে এবং এর ফলে স্থানীয় মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বিজেপি সরকার এলে পূর্ব সীমান্ত আরও সুরক্ষিত করা হবে বলেও তিনি জানান।মালদহের সাম্প্রতিক ঘটনার প্রসঙ্গ টেনে তিনি রাজ্যে জঙ্গলরাজ চলছে বলে অভিযোগ করেন এবং বলেন, কেন্দ্রীয় বাহিনীকে অপমান করা হচ্ছে। ৪ মে-র পর রাজ্যে আসল আইনের শাসন প্রতিষ্ঠিত হবে বলেও তিনি দাবি করেন।

 

একই সঙ্গে তিনি ভোটারদের নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান জানান।প্রধানমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, এই নির্বাচন শুধুমাত্র সরকার পরিবর্তনের জন্য নয়, বরং বাংলার নিরাপত্তা, শিল্পোন্নয়ন এবং অর্থনৈতিক পুনরুজ্জীবনের লড়াই। সভায় উপস্থিত বিজেপি নেতৃত্ব ও প্রার্থীদের সঙ্গে মঞ্চ থেকে স্লোগান তুলে তিনি বলেন, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। তাঁর কথায়, বাংলায় উন্নয়ন যেমন হবে, তেমনই দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।এদিনের সভায় দলের তরফে প্রধানমন্ত্রীকে মা দুর্গা ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর ছবি উপহার দেওয়া হয়। সভায় স্বাগত ভাষণ দেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। উপস্থিত ছিলেন অগ্নিমিত্রা পাল, কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, জিতেন্দ্র তেওয়ারি সহ একাধিক প্রার্থী ও নেতৃত্ব।

আরও পড়ুন