সাইপ্রাসে দাবার ‘ক্যান্ডিডেটস’ এখন দুই মেরুর গল্প

সাইপ্রাসে চলতি বিশ্ব দাবা ক্যান্ডিডেটস টুর্নামেন্ট অর্ধেক পথ পেরোতেই ছবিটা স্পষ্ট—একদিকে একক আধিপত্য, অন্যদিকে হাড্ডাহাড্ডি লড়াই। ওপেন বিভাগে জাভোখির সিনদারভ.....

সাইপ্রাসে চলতি বিশ্ব দাবা ক্যান্ডিডেটস টুর্নামেন্ট অর্ধেক পথ পেরোতেই ছবিটা স্পষ্ট—একদিকে একক আধিপত্য, অন্যদিকে হাড্ডাহাড্ডি লড়াই। ওপেন বিভাগে জাভোখির সিনদারভ কার্যত সবাইকে পিছনে ফেলে দিয়েছেন, আর মহিলাদের বিভাগে এক পয়েন্টের ব্যবধানে গাদাগাদি শীর্ষ ছয়। ভারতীয়দের সম্ভাবনাও তাই দুই মেরুতে—প্রজ্ঞনানন্দের সামনে পাহাড়সম চ্যালেঞ্জ, কিন্তু বৈশালী ও দিব্যার সামনে এখনও খোলা দিগন্ত।

ওপেন বিভাগ: একার দৌড়ে সিনদারভ, প্রজ্ঞনানন্দের সামনে ‘অল-অর-নাথিং’
সাত রাউন্ড শেষে সিনদারভের সংগ্রহ ছয় পয়েন্ট—পাঁচ জয়, দুই ড্র। দাবার ভাষায় এটা প্রায় ‘গেম ওভার’ অবস্থান। সাধারণত পাঁচ জয়েই ক্যান্ডিডেটস জেতা যায়, সেখানে অর্ধেক পথেই সেই মাইলফলক ছুঁয়ে ফেলেছেন তিনি।

প্রজ্ঞনানন্দ এখন ৩.৫ পয়েন্টে, অর্থাৎ শীর্ষ থেকে ২.৫ পয়েন্ট পিছিয়ে। পরিসংখ্যান বলছে—এখান থেকে ঘুরে দাঁড়ানো মানে শুধু নিজের জয় নয়, সিনদারভের হঠাৎ পতনও দরকার। ড্র করে নিরাপদ খেলা নয়, এখন প্রজ্ঞনানন্দের সামনে একটাই রাস্তা—ঝুঁকি নিয়ে জয় ছিনিয়ে আনা।

প্রথমার্ধে ছয় ম্যাচে মাত্র একটি জয়—এই ধারাবাহিকতা বদলাতে না পারলে বিশ্বচ্যাম্পিয়নশিপের দরজা কার্যত বন্ধই থাকবে।

মহিলাদের বিভাগ: এক পয়েন্টের ব্যবধানে ছয়জন—এখানেই ভারতের বড় আশা
পুরো ছবিটাই উল্টো মহিলাদের বিভাগে। শীর্ষে আন্না মুজিচুক ৪.৫ পয়েন্টে, তার ঠিক পেছনে বৈশালী ৪ পয়েন্টে। দিব্যা দেশমুখ ৩.৫ পয়েন্ট নিয়ে যৌথ তৃতীয়দের দলে।

এখানে খেলা একেবারেই খোলা—একটা ভালো সিরিজই বদলে দিতে পারে সব হিসাব। বৈশালী ইতিমধ্যেই টানা দুই জয়ে ছন্দে ফিরেছেন। যদি তিনি বাকি ম্যাচগুলোতে আরও দু’টি জয় তুলে নিতে পারেন এবং পরাজয় এড়াতে পারেন, তবে শিরোপার লড়াইয়ে তিনি সামনের সারিতেই থাকবেন।

দিব্যার ক্ষেত্রে সমীকরণ একটু কঠিন—শেষ ম্যাচে জেতার মতো অবস্থান থেকেও ড্র করতে হয়েছে। সেই জয় পেলে তিনি এখন যৌথ দ্বিতীয় স্থানে থাকতেন। ফলে বাকি সাত ম্যাচে অন্তত তিনটি জয় দরকার—যা চাপ বাড়ালেও অসম্ভব নয়।

টার্নিং পয়েন্ট সামনে
এই টুর্নামেন্টের দ্বিতীয়ার্ধই আসল পরীক্ষা। ওপেনে প্রশ্ন একটাই—সিনদারভকে কেউ থামাতে পারবে? আর মহিলাদের বিভাগে প্রশ্ন—কে ধরবে সুযোগের হাল?

আরও পড়ুন