‘১৬ আসনের ১৬টাতেই জেতাতে হবে বিজেপিকে’, ঘোষণা শুভেন্দুর

১৬ আসনের ১৬টাতেই জেতাতে হবে বিজেপিকে। ৫৫ শতাংশ ভোট পাবে বিজেপি।’ বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় হুঙ্কার.....

১৬ আসনের ১৬টাতেই জেতাতে হবে বিজেপিকে। ৫৫ শতাংশ ভোট পাবে বিজেপি।’ বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় হুঙ্কার দিলেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি মোদির সামনেই ভবানীপুরে জিতে দেখানোর প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু। তিনি বললেন, ভবানীপুরে তিনি মুখ্যমন্ত্রীকে হারাবেনই। কেবল প্রয়োজন মোদির আর্শীবাদ। শুভেন্দু বলেন, ‘নন্দীগ্রামে তো আমাকে জিততেই হবে। ভবানীপুরে মুখ্যমন্ত্রীকে আবার হারাতে হবে। আমি আপনার আর্শীবাদ চাই। আপনি যে দায়িত্ব দিয়েছেন, আমি ভবানীপুরেও করে দেখাব। আপনি নিশ্চিন্ত থাকুন।’

 

অন্যদিকে, নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী পবিত্র করের উদ্দেশ্যে শুভেন্দুর হুঁশিয়ারি, অভিযোগ করলে, বাতিল হতে পারে নন্দীগ্রামের তৃণমূল প্রার্থীর পদ। গতকালই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিদায়ী বিরোধী দলনেতা বর্তমান নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী দাবি করেন, ‘নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পবিত্র কর বিজেপির টিকিটে পঞ্চায়েতের সদস্য হিসেবে জয়ী হয়েছেন। তিনি পঞ্চায়েতের সদস্যপদ ত্যাগ না করে অন্য দলের টিকিটের বিধানসভায় প্রার্থী হয়েছেন, নির্বাচন কমিশনে অভিযোগ করলে তার প্রার্থী পদ বাতিল হতে পারে।’ এই অভিযোগ সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে নন্দীগ্রামের রাজনৈতিক মহলে। প্রসঙ্গত, ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে বিজেপির প্রতীকে বয়াল গ্রাম পঞ্চায়েতের ভোটে জয়ী হয়ে পঞ্চায়েতের সদস্য হন পবিত্র কর। পরে ২০২৬ সালের ১৭ মার্চ কলকাতার ক্যামাক স্ট্রিটের দফতরে এসে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগদান করেন তিনি। ওই দিনই তাঁকে নন্দীগ্রাম বিধানসভা আসনে প্রার্থী করা হয়।

 

তৃণমূল অবশ্য বিষয়টিকে কটাক্ষ করতে ছাড়েনি। তৃণমূলের নন্দীগ্রাম এক নম্বর ব্লক তৃণমূল কোর কমিটির সদস্য বাপ্পাদিত্য গর্গ বলেন, ‘উনি গতকাল যা বলেছেন তা সম্পূর্ণ ও সাংবিধানিক এবং ও গণতান্ত্রিক উনি বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন, তমলুক লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের টিকিটে জয়ী প্রার্থী দিব্যেন্দু অধিকারী তিনি তৃণমূলের টিকিটের জয়ী হয়েও কেন বিজেপিতে যোগ দিয়েছিলেন, কাঁথি লোকসভা কেন্দ্রের প্রার্থী ওঁনার বাবা শিশির অধিকারী তিনি তৃণমূল কংগ্রেসের টিকিটের জয়ী হয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। তখন ওঁনার নীতি নৈতিকতা কোথায় ছিল?’

আরও পড়ুন