প্রধানমন্ত্রীর বিজয় সংকল্প সভাতেই থাবা বসাল মোবাইল চোরচক্র। বৃহস্পতিবার সকালে আসানসোলের পোলো গ্রাউন্ডে নরেন্দ্র মোদির জনসভায় কয়েকশো মানুষের মোবাইল ও মানিব্যাগ খোয়া যাওয়ার অভিযোগে ব্যাপক চাঞ্চল্য ছড়াল। প্রতিবাদে এবং নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে হিরাপুর থানার সামনে দীর্ঘক্ষণ পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মীরা।
ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার সকালে। অভিযোগ, জনসভার ভিড়ের সুযোগ নিয়ে কয়েক জন দুষ্কৃতী সাধারণ মানুষ ও বিজেপি কর্মীদের পকেট সাফ করতে শুরু করে। প্রায় ৪৫০ জনের মোবাইল ফোন চুরি হয়েছে বলে দাবি করা হয়েছে। খোয়া গিয়েছে মানিব্যাগ ও মূল্যবান সামগ্রীও। ঘটনার পরেই ক্ষোভে ফেটে পড়েন কর্মীরা। প্রথমে পোলো গ্রাউন্ড সংলগ্ন চিত্রা মোড়ে হিরাপুর ট্রাফিক গার্ডের সামনে বিক্ষোভ শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হলে বিজেপি কর্মীরা হিরাপুর থানার সামনে ধর্ণায় বসেন।
বিক্ষোভের নেতৃত্বে থাকা বিজেপির আসানসোল মন্ডল ১-এর সভাপতি সোমনাথ মন্ডল সরাসরি পুলিশি নিষ্ক্রিয়তার দিকে আঙুল তুলেছেন। তাঁর প্রশ্ন, ‘প্রধানমন্ত্রীর সভাতেই যদি এই ধরনের নিরাপত্তাহীনতা দেখা যায়, তাহলে সাধারণ মানুষের সুরক্ষা কোথায়?’ তাঁর দাবি, একটি বড় চোরচক্র পরিকল্পনা করে সভায় ঢুকেছিল। বিক্ষোভকারীদের দাবি অনুযায়ী, ইতিমধ্যেই সাধারণ মানুষ ১০ জন সন্দেহভাজনকে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দিয়েছে।
তাদের কাছ থেকে কিছু মোবাইলও উদ্ধার হয়েছে বলে খবর। পুলিশ অবশ্য বিক্ষোভকারীদের আশ্বস্ত করেছে। হিরাপুর থানার পক্ষ থেকে জানানো হয়েছে, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। যাদের সামগ্রী হারিয়েছে, তাদের লিখিত অভিযোগ দায়ের করতে বলা হয়েছে। পুলিশের মধ্যস্থতায় পরে অবরোধ উঠলেও মোদির সভায় এই গণচুরির ঘটনা শিল্পাঞ্চলের রাজনৈতিক মহলে জোর চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।


