কার্গিল যুদ্ধে অসামান্য সাহসিকতার জন্য মহাবীর চক্রপ্রাপ্ত প্রাক্তন সেনা কর্মকর্তা কর্নেল সোনম ওয়াংচুক প্রয়াত। শুক্রবার তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে দেশের প্রতিরক্ষা দপ্তর ও সেনাবাহিনী। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং শোকবার্তায় তাঁকে লাদাখের গর্বিত সন্তান হিসেবে উল্লেখ করে বলেন, দেশের প্রতি তাঁর অটল নিষ্ঠা, সাহসিকতা ও নেতৃত্ব চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। প্রতিকূল পরিস্থিতিতে তাঁর দৃঢ় নেতৃত্ব সেনাবাহিনীর জওয়ানদের অনুপ্রাণিত করেছে বলেও উল্লেখ করেন তিনি।
সেনাবাহিনীর পক্ষ থেকেও গভীর শোকপ্রকাশ করা হয়েছে।
এক বিবৃতিতে বলা হয়েছে, কর্নেল ওয়াংচুক ছিলেন এক সাহসী সৈনিক, দক্ষ নেতা এবং দেশের প্রতি নিবেদিতপ্রাণ ব্যক্তি। তাঁর জীবন সাহস, কর্তব্যনিষ্ঠা ও জাতীয় ঐক্যের প্রতীক হয়ে থাকবে।
উনিশশো নিরানব্বই সালের কার্গিল যুদ্ধে অপারেশন বিজয়ের সময় বাটালিক অঞ্চলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। প্রায় পাঁচ হাজার পাঁচশো মিটার উচ্চতায় বরফে ঢাকা দুর্গম এলাকায় শত্রুর বিরুদ্ধে অভিযানে নেতৃত্ব দেন। সেই সময় শত্রুপক্ষের অতর্কিত হামলার মুখেও তিনি নিজের দলকে সংগঠিত রেখে পাল্টা আক্রমণ চালান এবং শত্রুপক্ষকে পিছিয়ে যেতে বাধ্য করেন।
এই অসামান্য বীরত্বের জন্য তাঁকে মহাবীর চক্রে সম্মানিত করা হয়, যা দেশের দ্বিতীয় সর্বোচ্চ সামরিক সম্মান।


