সঙ্গীতের দুনিয়ায় শোকের ছায়া। জীবনাবসান কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলের। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আশা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। তাঁর প্রয়াণে অবসান ঘটল সঙ্গীতের স্বর্ণযুগের। ১১ এপ্রিল শনিবার সন্ধ্যায় বুকে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে। এমার্জেন্সি কেয়ার ইউনিটে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছিল তাঁকে। হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসকরা জানিয়েছিলেন আশা ভোঁসলের শারীরিক অবস্থা বেশ আশঙ্কাজনক।
দ্রুত তাঁকে আইসিইউ-তে স্থানান্তর করা হয়। কিন্তু, শেষ রক্ষা হল না। ৯২ বছর বয়সে জীবনাবসান আশা ভোঁসলের। প্রবাদপ্রতীম সংগীতশিল্পীর প্রয়াণে সংগীতের একটা যুগের অবসান ঘটল। শোকের ছায়া সিনেদুনিয়া থেকে সঙ্গীত মহলে। প্রথমে যখন আশা ভোঁসলে হাসপাতালে ভর্তি হওয়ার খবর সামনে আসে, তখন জানা গিয়েছিল যে কার্ডিয়াক অ্যারেস্টের কারণেই তাঁকে ভর্তি করা হয়েছে।


