রবিবার ছুটির দিনে পূর্ব মেদিনীপুরের রাজনৈতিক পারদ চড়ালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। নন্দকুমারের খঞ্চি এবং কাঁথির জনসভা থেকে তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ শানিয়ে তিনি সাফ জানালেন, যে বাংলা একসময় ভারতকে দিশা দেখাত, আজ তোষণ আর অরাজকতার রাজনীতি সেই বাংলাকে নরকে পরিণত করেছে। এদিন তাঁর নিশানায় ছিল মূলত ‘কাটমানি’, ‘সিন্ডিকেট’ এবং শাসক দলের ‘তুষ্টিকরণের রাজনীতি’।
এদিন খঞ্চির সভায় যোগী বলেন, ‘এই মাটি স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসু আর গুরুদেব রবীন্দ্রনাথের মাটি। অথচ আজ এই পবিত্র ভূমিতে রামনবমীর মিছিলে বাধা দেওয়া হয়, দুর্গাপুজো করতে গিয়ে কার্ফু সইতে হয়।’ উত্তরপ্রদেশের উদাহরণ টেনে তাঁর হুঁশিয়ারি, ‘২০১৭ সালের আগে ইউপি-তেও অরাজকতা ছিল। এখন সেখানে দাঙ্গা নেই, কারফিউ নেই। ডাবল ইঞ্জিন সরকার আসার পর মাফিয়ারা আজ ঠান্ডা।’ বাংলার দুর্নীতি দমনেও তিনি ঘুরিয়ে ‘বুলডোজার’ দাওয়াইয়ের ইঙ্গিত দেন। বক্তব্যের মাঝেই আরজি কর কাণ্ড নিয়ে সরব হন তিনি। যোগী বলেন, ‘মায়েরা কাঁদছে, মাটি আজ অনুপ্রবেশকারীদের দখলে।
আরজি করের মতো ঘটনায় মমতা দিদি চুপ ছিলেন কারণ অপরাধীরা তাঁর দলের আশ্রিত।’ তাঁর অভিযোগ, তৃণমূলের জমানায় শিল্প বিদায় নিয়েছে, কেবল শ্রীবৃদ্ধি হয়েছে দুর্নীতির। এর পরেই কাঁথির সভামঞ্চ থেকে তিনি পরিবর্তনের ডাক দিয়ে বলেন, ‘এখানকার মেয়র বাংলাকে উর্দুভাষী রাজ্যে পরিণত করার স্বপ্ন দেখছেন। কিন্তু মনে রাখবেন, এই মাটি বঙ্কিমচন্দ্রের ‘বন্দে মাতরম’-এর মাটি।’ তমলুকের বিজেপি প্রার্থীর সমর্থনে ভোট চেয়ে তিনি দাবি করেন, প্রচুর পুকুর ঘেরা এই বাংলায় পাঁক অনেক, আর সেই কাদা জলেই এবার পদ্ম ফুটবে। এদিন যোগীর সভা ঘিরে জেলাজুড়ে কর্মীদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো।


