রবিবার বিকেলে সবংয়ে রোড শো করে জনজোয়ারে ভাসলেন তৃণমূলের সাংসদ তথা অভিনেত্রী কোয়েল মল্লিক। তিনি এদিন বিকেলে কাঁটাখালি থেকে হুডখোলা গাড়িতে চড়ে তাঁর রোড শো শুরু করেন। ছিলেন তৃণমূলের প্রার্থী মানস ভূঁইয়া, প্রাক্তন বিধায়ক গীতারানি ভূঁইয়া, ব্লক সভাপতি আবু কালাম বক্স সহ অন্যান্য নেতারা। অভিনেত্রী কোয়েল মল্লিককে দেখার জন্য রাস্তার দু’পাশে ছিল মানুষের ভিড়। কেউ ফুল ছুড়ে, কেউ হাত নেড়ে, কেউ প্রণাম জানিয়ে তাঁকে স্বাগত জানান। তিনিও হাসিমুখে সকলকে শুভেচ্ছা ও প্রণাম জানান। রোড শো যত এগিয়েছে ততই বেড়েছে জনতার ঢল। তেমাথানি বাজারে রোড শো যখন শেষ হয় তখন সেখানে তিল ধারণের জায়গা নেই।
গাড়ি থেকে নেমে কোয়েল মল্লিক জানান, মানুষের এই উচ্ছ্বাস, ভালোবাসা দেখে তিনি আপ্লুত। তাঁরা যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কতটা ভালোবাসেন তা দেখে তিনি অভিভূত। তিনি জানান, ‘এখানের প্রার্থী মানস ভূঁইয়ার জেতার অভ্যাস হয়ে গেছে। এর আগে ৮ বার জয়ী হয়েছেন। এবার ৯ বারের জন্য বিধায়ক হবেন। তিনি ভোট চাইতে আসেননি। মানুষকে শুভেচ্ছা, প্রণাম জানাতে এসেছেন।’
এরপর তিনি ডেবরার তৃণমূল কংগ্রেসের প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে রোড শো করেন। সবং ও ডেবরা এলাকায় কোয়েল মল্লিকের রোড শোকে কেন্দ্র করে মানুষের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো।


