কুলটিতে ভোট প্রচারে রচনার মেগা রোড শো

ঘরের মেয়েকে সামনে পেয়ে বাঁধভাঙা ভিড় আছড়ে পড়ল কুলটির রাস্তায়। তৃণমূল প্রার্থী অভিজিৎ ঘটকের সমর্থনে শনিবার ঝোড়ো প্রচার সারলেন সাংসদ-অভিনেত্রী.....

ঘরের মেয়েকে সামনে পেয়ে বাঁধভাঙা ভিড় আছড়ে পড়ল কুলটির রাস্তায়। তৃণমূল প্রার্থী অভিজিৎ ঘটকের সমর্থনে শনিবার ঝোড়ো প্রচার সারলেন সাংসদ-অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। হুডখোলা গাড়িতে চড়ে বেজডি, আলডি হয়ে মিঠানি ও পাটমোহনা পর্যন্ত দীর্ঘ পথ পরিক্রমা করেন ‘দিদি নং ১’। টলিউড তারকাকে একঝলক দেখতে রাস্তার দু’পাশে তখন কার্যত তিলধারণের জায়গা নেই।

 

এদিন তারকার গ্ল্যামার আর রাজনীতির পারদ মিশে গিয়েছিল কুলটির জনসমুদ্রে। প্রার্থীকে পাশে নিয়ে অনুগামীদের উদ্দেশে হাত নাড়েন রচনা। কখনও মাইক হাতে তুলে নিয়ে চলল জনসংযোগ, আবার কখনও চলল সেলফির আবদার মেটানো। জনতাকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘তৃণমূল প্রার্থী অভিজিৎ ঘটককে ভোট দিয়ে জয়ী করুন’। চড়া রোদেও প্রিয় অভিনেত্রীর হাসিতে মুগ্ধ এলাকাবাসী।

 

প্রচার শেষে উচ্ছ্বসিত প্রার্থী অভিজিৎ ঘটক জানান, ‘এদিনের সাধারণ মানুষের উপস্থিতিতে ধরা পড়ছে কুলটির মানুষের আস্থা ও সমর্থনের ছবি। এই সাড়াই আগামী দিনের পথকে আরও স্পষ্ট করে তুলছে। কুলটির মানুষ এখানে পরিবর্তন চাইছেন।’ সব মিলিয়ে ভোটের আগে এই মেগা রোড শো শাসক শিবিরের আত্মবিশ্বাস কয়েক গুণ বাড়িয়ে দিল।

আরও পড়ুন