রণবীরের ‘রাম’ হওয়া নিয়ে বড় বার্তা ইমতিয়াজ আলি’র

রণবীর কপূরের ‘রাম’ হওয়া নিয়ে বিতর্কের শেষ নেই। তবে সব বিতর্ক উড়িয়ে অভিনেতা বন্ধুর পাশেই দাঁড়ালেন পরিচালক ইমতিয়াজ় আলি। ‘রকস্টার’.....

রণবীর কপূরের ‘রাম’ হওয়া নিয়ে বিতর্কের শেষ নেই। তবে সব বিতর্ক উড়িয়ে অভিনেতা বন্ধুর পাশেই দাঁড়ালেন পরিচালক ইমতিয়াজ় আলি। ‘রকস্টার’ ও ‘তমাশা’ খ্যাত পরিচালকের দাবি, রামের চরিত্রের জন্য রণবীরই একেবারে যথাযথ অভিনেতা। তাঁর বিশ্বাস, রণবীর অভিনীত রাম বহু দিন দর্শকের মনে থেকে যাবে। রণবীরের প্রশংসায় ইমতিয়াজ় বলেন, ‘ও অভিনেতা হিসাবে যে কোনও চরিত্র তুলে ধরতে পারে। ভিন্ন ধরনের চরিত্র করা উচিত ওর। ও সহজেই চরিত্র হয়ে উঠতে পারে। নিখাদ অভিনেতা বলতে যা বোঝায়, রণবীর তা-ই। আমি খুশি যে, ও রামের চরিত্রে অভিনয় করছে। ও চরিত্রকে জীবন্ত করে তুলতে পারে।’ পর্দায় রণবীরকে রামের বেশে দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন ইমতিয়াজ়।

 

এই চরিত্রটি রণবীরের অভিনয় জীবনে বড় উন্নতি আনবে জানিয়ে পরিচালকের বক্তব্য, ‘আমি নিশ্চিত, ও রাম হিসাবে যথার্থ অভিনয় করবে।’ নীতীশ তিওয়ারি পরিচালিত এই মেগা প্রজেক্টটি প্রযোজনা করছেন নমিত মলহোত্র। ৪ হাজার কোটি টাকার বিপুল বাজেটে তৈরি ছবিটি দুটি পর্বে মুক্তি পাবে। বিগ বাজেটের এই ছবিতে পারিশ্রমিকের অঙ্কেও রয়েছে বড় চমক। দুটি পর্বের জন্য রণবীর কপূর মোট ১৫০ কোটি টাকা নিচ্ছেন, অর্থাৎ প্রতি পর্বে তাঁর পারিশ্রমিক ৭৫ কোটি টাকা। অন্যদিকে, ছবিতে রাবণের চরিত্রে দেখা যাবে দক্ষিণী তারকা যশকে। দুটি ভাগের জন্য তিনি পাচ্ছেন মোট ১০০ কোটি টাকা। সীতার চরিত্রে অভিনয় করছেন সাই পল্লবী। শুটিং সেট থেকে ইতিমধ্যেই সাই পল্লবীর ‘লুক’ ফাঁস হয়েছে। দুই পর্বের জন্য তাঁর ঝুলিতে আসছে মোট ১২ কোটি টাকা। সব মিলিয়ে, বিতর্ক ছাপিয়ে রুপোলি পর্দায় রামায়ণের এই নতুন রূপ দেখার অপেক্ষায় সিনেমাপ্রেমীরা।

আরও পড়ুন