আলিয়া ভট্ট বা করিনা কপূরের মতো আর কেউ হতে চান না। বলিউডে এখন আর কেউ তারকাদের অন্ধ অনুকরণ করেন না। সম্প্রতি এমনই এক বিস্ফোরক মন্তব্য করলেন বলিউডের প্রথম সারির পরিচালক-প্রযোজক কর্ণ জোহর। তাঁর মতে, হিন্দি সিনেমার সেই সোনালি দিন এখন অতীত, যেখানে দর্শকেরা প্রিয় তারকাদের ফ্যাশন হুবহু নকল করতেন। এখনকার অনুরাগীরা আসলে নিজেদের স্বাতন্ত্র্য বজায় রাখতে বেশি আগ্রহী।
যাঁদের নিয়ে পক্ষপাতিত্বের অভিযোগ রয়েছে বরাবর, সেই আলিয়া ও করিনাদের প্রসঙ্গে কর্ণের কণ্ঠে হঠাৎ এই উল্টো সুর দর্শকদের চমকে দিয়েছে। নিজের মত স্পষ্ট করে কর্ণ বলেন, ‘এখন আর কেউ আলিয়া কিংবা করিনাদের মতো হতে চান না।’ মাধুরী দীক্ষিতের চুড়িদার কিংবা ‘তেরে নাম’ ছবির সলমন খানের চুলের ছাঁট যে একসময় ফ্যাশন ইন্ডাস্ট্রি শাসন করত, তা মেনে নিয়েছেন পরিচালক। কিন্তু বর্তমান যুগের মানসিকতা বদলেছে। দর্শকেরা এখন তারকাদের লিপস্টিকের রং বা পোশাকের অন্ধ অনুকরণ করতে নারাজ।
তারকাদের সাজগোজের চেয়েও মানুষ এখন নিজস্বতাকে বেশি গুরুত্ব দিচ্ছেন। কর্ণের কথায়,‘এখন সেই যুগ চলে গিয়েছে যখন দর্শক তারকাদের নকল করবেন। এখনকার মানসিকতা হচ্ছে নিজস্বতা। কেউ আর করিনা কিংবা দীপিকা বা আলিয়া নয়, বরং নিজের মতো করে সাজগোজ করতে চান। লোকে পয়সা দেয় নিজস্বতার জন্য।’ রুপোলি পর্দার তারকাদের মতো নিখুঁত হওয়া নয়, বরং নিজস্বতা ও স্বকীয়তা বজায় রাখাই এখনকার প্রজন্মের মূল লক্ষ্য, তা অকপটে স্বীকার করে নিলেন ‘গডফাদার’ কর্ণ।


