পেনশনই সম্বল, হলফনামায় দিলীপের ‘কোটিপতি’ রূপ

আসন্ন বিধানসভা নির্বাচনে খড়্গপুর সদর কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন দিলীপ ঘোষ। সেই হলফনামায় নিজের ও স্ত্রী.....

আসন্ন বিধানসভা নির্বাচনে খড়্গপুর সদর কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন দিলীপ ঘোষ। সেই হলফনামায় নিজের ও স্ত্রী রিঙ্কু মজুমদারের স্থাবর ও অস্থাবর সম্পত্তির বিস্তারিত হিসাব তুলে ধরেছেন তিনি।
হলফনামা অনুযায়ী, দিলীপ ঘোষের স্থাবর সম্পত্তির বর্তমান বাজারমূল্য ১ কোটি ৮৫ লক্ষ ৪৫ হাজার ৫৮৯ টাকা। অন্যদিকে, তাঁর স্ত্রী রিঙ্কু মজুমদারের স্থাবর সম্পত্তির মূল্য ৭০ লক্ষ টাকা।

 

অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে দিলীপ ঘোষের সম্পদের পরিমাণ ২৫ লক্ষ ২৫ হাজার ৮০৫ টাকা। তাঁর স্ত্রীর অস্থাবর সম্পত্তির পরিমাণ ২২ লক্ষ ৯৮ হাজার ৩০১ টাকা। নগদ হিসেবে দিলীপ ঘোষের কাছে রয়েছে ৩ লক্ষ ৫০ হাজার টাকা এবং তাঁর স্ত্রীর কাছে রয়েছে ৫ লক্ষ টাকা। দিলীপ ঘোষ জানিয়েছেন, তাঁর নামে কোনও গাড়ি নেই। তবে তাঁর স্ত্রীর নামে একটি চারচাকা গাড়ি রয়েছে, যা ২০২৬ সালের শুরুতে ১৪ লক্ষ ৬২ হাজার টাকায় কেনা হয়েছে।

 

 

হলফনামায় আরও উল্লেখ করা হয়েছে, দিলীপ ঘোষ ও তাঁর স্ত্রীর নামে কোনও গয়না নেই। স্থাবর সম্পত্তির মধ্যে দিলীপ ঘোষের নামে রয়েছে মোট ১.৮৮ একর কৃষিজমি, যা তিনি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন। এর বর্তমান বাজারমূল্য প্রায় ৪০ লক্ষ টাকা। এছাড়া, ঝাড়গ্রামের কুলিয়ানা গ্রামে তাঁর বাসভবন রয়েছে এবং কলকাতার লেদার কমপ্লেক্স এলাকায় ৩,৪৮৩ স্কোয়ার ফুটের একটি ফ্ল্যাট রয়েছে। এই ফ্ল্যাটটি তিনি ২০২২ সালের জানুয়ারিতে ৯৯ লক্ষ টাকায় কিনেছিলেন, যার বর্তমান বাজারমূল্য ১ কোটি ৪২ লক্ষ ৪৫ হাজার ৫৮৯ টাকা। অন্যদিকে, রিঙ্কু মজুমদারের নামে রাজারহাটে একটি অ্যাপার্টমেন্ট রয়েছে। ২০১৩ সালে ৬ লক্ষ টাকায় কেনা ওই সম্পত্তির বর্তমান মূল্য প্রায় ৪০ লক্ষ টাকা।

 

 

এছাড়া ২০১৭ সালে ৭ লক্ষ ৭৫ হাজার টাকায় কেনা আরও একটি ফ্ল্যাট রয়েছে, যার বর্তমান বাজারমূল্য ৩০ লক্ষ টাকা। আয়ের দিক থেকে, দিলীপ ঘোষ ২০২১-২২ অর্থবর্ষে ৭ লক্ষ ৭২ হাজার ২৩০ টাকা আয় দেখিয়েছেন। ২০২২-২৩ অর্থবর্ষে তাঁর আয় ছিল ১৩ লক্ষ ৫০ হাজার ৮৬০ টাকা। ২০২৩-২৪ অর্থবর্ষে তা কমে দাঁড়ায় ৯ লক্ষ ৩৩ হাজার ৯৫০ টাকা এবং ২০২৪-২৫ অর্থবর্ষে আয় ছিল ১৩ লক্ষ ৪৬ হাজার ৮৮০ টাকা। তাঁর স্ত্রী রিঙ্কু মজুমদারের আয় ২০২১-২২ অর্থবর্ষে ছিল ৪ লক্ষ ৯৯ হাজার ৮২০ টাকা, ২০২২-২৩ অর্থবর্ষে ৪ লক্ষ ৯৯ হাজার ৬০০ টাকা, ২০২৩-২৪ অর্থবর্ষে ৬ লক্ষ ১১ হাজার টাকা এবং ২০২৪-২৫ অর্থবর্ষে ৬ লক্ষ ৬৬ হাজার ৪২০ টাকা। পেশা হিসেবে দিলীপ ঘোষ হলফনামায় নিজেকে বিজেপির হোলটাইমার বলে উল্লেখ করেছেন। তাঁর আয়ের উৎস হিসেবে প্রাক্তন সাংসদ ও প্রাক্তন বিধায়ক হিসেবে প্রাপ্ত পেনশন দেখানো হয়েছে। অন্যদিকে, তাঁর স্ত্রী ব্যবসার সঙ্গে যুক্ত বলে উল্লেখ রয়েছে।

আরও পড়ুন