নদিয়া দখলে কোমর বেঁধে ময়দানে নামছেন তৃণমূল নেত্রী। আগামী ৬ তারিখ শান্তিপুর বিধানসভা কেন্দ্রের দলীয় প্রার্থী ব্রজ কিশোর গোস্বামীর সমর্থনে হাইভোল্টেজ জনসভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শান্তিপুর পুরসভা পরিচালিত স্টেডিয়ামে আয়োজিত হতে চলেছে এই মেগা ইভেন্ট। শনিবার থেকেই সেখানে যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে মঞ্চ বাঁধার কাজ। জেলা প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা ইতিমধ্যেই সভাস্থল পরিদর্শন করে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেছেন।
তৃণমূল সূত্রের খবর, সভা শেষে শান্তিপুরেরই একটি বেসরকারি রিসর্টে রাত কাটাবেন মুখ্যমন্ত্রী। পরদিন তিনি অন্য জেলার উদ্দেশে রওনা দেবেন। ঘাসফুল শিবিরের কর্মীদের মধ্যে এখন তুঙ্গে উন্মাদনা। স্থানীয় নেতৃত্বের দাবি, আসন্ন নির্বাচনের বৈতরণী পার হতে নেত্রী কী বার্তা দেন, সেদিকেই তাকিয়ে সবাই। তাঁরা সাফ জানিয়েছেন, জনসভা থেকে মুখ্যমন্ত্রী যা নির্দেশ দেবেন সেই পথেই চলবে কর্মীরা। এক দশক পর আবারও শান্তিপুরের মাটি থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের রণকৌশল শোনার অপেক্ষায় প্রহর গুনছে জেলা তৃণমূল। বিধানসভা ভোটের মুখে এই সফর নদিয়ার রাজনীতির মোড় ঘুরিয়ে দিতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।


