২১ শতাংশ মজুরি বাড়াল যোগী সরকার

বেতন বৃদ্ধি এবং কাজের নির্দিষ্ট সময়ের দাবিতে গত কয়েকদিন ধরে উত্তরপ্রদেশের নয়ডায় যে শ্রমিক বিক্ষোভ চলছিল, সোমবার তা চরম আকার.....

বেতন বৃদ্ধি এবং কাজের নির্দিষ্ট সময়ের দাবিতে গত কয়েকদিন ধরে উত্তরপ্রদেশের নয়ডায় যে শ্রমিক বিক্ষোভ চলছিল, সোমবার তা চরম আকার ধারণ করে। রাস্তায় নেমে ভাঙচুর, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ এবং খণ্ডযুদ্ধের জেরে রণক্ষেত্রের চেহারা নেয় নয়ডার সেক্টর ৬২, ফেজ-২ সহ বিস্তীর্ণ শিল্পাঞ্চল। আর এই ঘটনাকে কেন্দ্র করেই কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিরোধী শিবির। কংগ্রেস নেতা রাহুল গান্ধী এই বিক্ষোভকে ‘ভারতের শ্রমিকদের শেষ আর্তনাদ’ বলে আখ্যা দিয়েছেন। অন্যদিকে, পরিস্থিতি সামাল দিতে মঙ্গলবার শ্রমিকদের ন্যূনতম মজুরি একধাক্কায় ২১ শতাংশ বাড়ানোর কথা ঘোষণা করেছে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার।
কী বলছেন রাহুল গান্ধী?এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে রাহুল গান্ধী তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, মোদী সরকারের ‘ব্যর্থ নীতি’ এবং মাত্রাছাড়া মুদ্রাস্ফীতির কারণে দেশের শ্রমজীবী মানুষ আজ খাদের কিনারায়। তিনি তুলে ধরেন এক সাধারণ শ্রমিকের দৈনন্দিন দুর্দশার চিত্র—যাঁরা মাসে মাত্র ১২ হাজার টাকা বেতন পান, অথচ ঘর ভাড়াতেই চলে যায় ৪ থেকে ৭ হাজার টাকা। তাঁর কথায়, “বছরে মাত্র ৩০০ টাকা বেতন বাড়ার আগেই বাড়িওয়ালা ভাড়া বাড়িয়ে দেন ৫০০ টাকা। এটাই কি ‘বিকশিত ভারত’-এর আসল রূপ?”
নতুন চালু হওয়া ‘লেবার কোড’ (যা নভেম্বর ২০২৫-এ কার্যকর হয়েছে)-এর কড়া সমালোচনা করে রাহুল বলেন, “প্রতিদিন ১২ ঘণ্টা হাড়ভাঙা খাটুনির পরও একজন শ্রমিককে বাচ্চার স্কুলের ফি মেটাতে ধার করতে হচ্ছে। আমেরিকা-ইসরায়েল-ইরান সংঘাত বা বিশ্বজুড়ে সাপ্লাই চেইন বিঘ্নিত হওয়ার দায় সাধারণ শ্রমিকের নয়, কিন্তু তার সবচেয়ে বড় ধাক্কা তাদেরই খেতে হচ্ছে।” গ্যাস সিলিন্ডারের দাম বাড়লেও বেতন বাড়ছে না বলে অভিযোগ করেন নারী শ্রমিকরাও।
কংগ্রেস নেতা জয়রাম রমেশও এই প্রসঙ্গে কেন্দ্রের ১০০ দিনের কাজ প্রকল্পকে দুর্বল করে দেওয়ার অভিযোগ তুলেছেন, যা একসময় শ্রমিকদের ‘সেফটি নেট’ হিসেবে কাজ করত।

 

যোগী সরকারের পদক্ষেপ ও মজুরি বৃদ্ধি:
সোমবারের ব্যাপক হিংসা এবং যানজটে দিল্লি-নয়ডা সীমানা অবরুদ্ধ হয়ে যাওয়ার পর কড়া পদক্ষেপ নেয় উত্তরপ্রদেশ সরকার ও প্রশাসন। পুলিশ ইতিমধ্যেই হিংসা ছড়ানোর অভিযোগে ৩০০ জনের বেশি মানুষকে গ্রেফতার করেছে এবং ৭টি এফআইআর দায়ের করেছে।
পরিস্থিতি শান্ত করতে মঙ্গলবার উত্তরপ্রদেশ সরকার গৌতম বুদ্ধ নগর (নয়ডা) এবং গাজিয়াবাদ এলাকার অদক্ষ, আধা-দক্ষ এবং দক্ষ শ্রমিকদের অন্তর্বর্তীকালীন মজুরি ২১ শতাংশ বাড়ানোর কথা ঘোষণা করেছে (১ এপ্রিল ২০২৬ থেকে কার্যকর)।
অদক্ষ শ্রমিকদের ন্যূনতম বেতন ১১,৩১৩ টাকা থেকে বেড়ে হলো ১৩,৬৯০ টাকা।

 

আধা-দক্ষদের বেতন ১২,৪৪৫ টাকা থেকে বেড়ে ১৫,০৫৯ টাকা করা হয়েছে।
দক্ষ শ্রমিকদের বেতন ১৩,৯৪০ টাকা থেকে বাড়িয়ে ১৬,৮৬৮ টাকা করা হয়েছে।
তবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ‘ন্যূনতম বেতন ২০,০০০ টাকা করা হয়েছে’—এমন দাবিকে সম্পূর্ণ গুজব বলে উড়িয়ে দিয়েছে রাজ্য সরকার।
এখনও কাটেনি জট:
বেতন বাড়ার সরকারি ঘোষণার পরও শ্রমিকদের ক্ষোভ পুরোপুরি মেটেনি। বিক্ষোভরত শ্রমিকদের মূল দাবি হলো, ক্রমবর্ধমান বাজারের সঙ্গে তাল মিলিয়ে ন্যূনতম বেতন ১৮,০০০ থেকে ২০,০০০ টাকা করতে হবে এবং দৈনিক কাজের সময় ১২ ঘণ্টা থেকে কমিয়ে ৮ ঘণ্টা করতে হবে। মঙ্গলবার সকালেও বেশ কিছু কারখানার সামনে অবস্থান বিক্ষোভ চালিয়ে যান শ্রমিকরা।

আরও পড়ুন