পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার বিজেপি প্রার্থী সুকান্ত দোলইয়ের সমর্থনে শুক্রবার রোড শো করেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। ক্ষীরপাই ডাকবাংলো মোড় থেকে হালদার দিঘি পর্যন্ত চলে এই রোড শো। বিজেপির রাজ্য সভাপতির রোড শো-তে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে উদ্দীপনা ছিল তুঙ্গে। পথচলতি মানুষ ফুল দিয়ে অভিবাদন জানান বিজেপির রাজ্য সভাপতিকে। বাসের মধ্য থেকেও বিজেপির রাজ্য সভাপতির সাথে সাধারণ মানুষকে হাত মেলাতে দেখা যায়। এলাকার মানুষের উন্নয়নের জন্য বিজেপি সরকারকে পাঁচ বছরের জন্য ক্ষমতায় আনার আহ্বান জানান তিনি। সেই সঙ্গে ঘাটাল মাস্টার প্ল্যান কেন্দ্রীয় সরকার বাস্তবায়িত করবে বলে জানান তিনি। পাশাপাশি পাঁশকুড়া থেকে ঘাটাল, ক্ষীরপাই হয়ে চন্দ্রকোনা রোড অবধি প্রস্তাবিত রেলপথ হবে বলেও তিনি জানান।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ে শিশুর হাতে বিজেপির পোস্টার ছেঁড়ার ঘটনায় তার মাকে মারধরের অভিযোগ ও এক বিজেপি কর্মীর গ্রেপ্তার প্রসঙ্গে কথা বলেন। উল্লেখ্য, সবংয়ের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় হুঙ্কার দিয়েছিলেন, ‘৪ঠা মে-র পর মহিলার পা ধরে ক্ষমা চাওয়াবো।’ এই প্রসঙ্গে শমীক ভট্টাচার্য বলেন, ‘এই ঘটনা এখনও পর্যন্ত আমি শুনিনি। সংবাদমাধ্যমের কাছে জানলাম। যদি সত্যিই এই ধরনের ঘটনা ঘটে থাকে, তাহলে অভিযুক্তদের দল থেকে তাড়ানো উচিত। দল কোনোভাবে এই ধরনের ঘটনাকে বরদাস্ত করে না।’
প্রসঙ্গত, গত বুধবার রাতে সবংয়ের নাকিন্দি বুথে এক পরিবারের শিশু ও তার মায়ের উপর অত্যাচার চালানোর অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। তৃণমূলের দাবি, ওই শিশুকন্যাটি খেলার ছলে একটি লাঠি দিয়ে বিজেপির একটি পোস্টারে খোঁচা দেওয়ায় পোস্টারটি ছিঁড়ে যায়। এর পরেই ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয় কয়েকজন বিজেপি কর্মী মদ্যপ অবস্থায় ওই শিশু ও তার মায়ের উপর চড়াও হয়। মারধর করা হয় শিশুর মাকে। এরপর এলাকার বাসিন্দারা ছুটে আসলে ওই ব্যক্তিরা পালিয়ে যায় বলে অভিযোগ। সেই ঘটনাটি ঘিরে উত্তেজনা ছড়ায়। এমনকি তৃণমূলের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় ভিডিও প্রকাশ করে নিন্দা জানানো হয়। এই নিয়ে সবং থানায় অভিযোগ দায়ের হলে একজন গ্রেপ্তার হয়। তাকে ইতিমধ্যে আদালতে তোলা হয়েছে।
এদিন সবংয়ের সভা থেকে নাম ধরে বিজেপি নেতাদের হুঙ্কার দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ৪ঠা মে এই সমস্ত বিজেপি নেতাদের ওই মহিলার পা ধরে ক্ষমা চাওয়ানোর হুঁশিয়ারি দেন তিনি। পাশাপাশি রাজ্যের পুলিশ প্রশাসনের বদলি প্রসঙ্গে বলতে গিয়ে শমীক ভট্টাচার্য মন্তব্য করেন, ‘কেন্দ্রে যদি কংগ্রেসের সরকার থাকতো তাহলে ইতিমধ্যে এই পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যেত! কিন্তু বিজেপি কেন্দ্রীয় সরকারে এবং ২১টি রাজ্যের ক্ষমতায় থাকার পরেও, পশ্চিমবঙ্গে এত অত্যাচার তৃণমূল করার পরেও রাষ্ট্রপতি শাসন জারি করেনি— এটার নামই বিজেপি।’

