পুরানো ছন্দে অনুব্রত

বিধানসভা নির্বাচনে দলের প্রার্থীর হয়ে প্রচারে এসে পুরানো ছন্দেই দেখা গেলো অনুব্রত মন্ডলকে। সভা থেকে স্পষ্ট দাবি করে জানান বাংলায়.....

বিধানসভা নির্বাচনে দলের প্রার্থীর হয়ে প্রচারে এসে পুরানো ছন্দেই দেখা গেলো অনুব্রত মন্ডলকে। সভা থেকে স্পষ্ট দাবি করে জানান বাংলায় ফের তৃণমূল ক্ষমতায় আসছে, আর মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হচ্ছেন। শুক্রবার পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অপূর্ব চৌধুরীর সমর্থনে কাসেমনগরে জনসভা করেন অনুব্রত মণ্ডল। শুক্রবার সেই সভা মঞ্চ থেকে একাধিক ইস্যুতে সরব হন তিনি।

 

পাশাপাশি নির্বাচন কমিশন ও বিরোধীদের কড়া ভাষায় আক্রমণ করেন। সভায় বক্তব্য রাখতে গিয়ে অনুব্রত মণ্ডল বলেন, ‘নির্বাচন কমিশন কী ওষুধ তৈরি করেছে, সেটা দেখার দরকার নেই। আমার যা দেওয়ার, আমি দিয়ে দিয়েছি’। তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর চর্চা। ভোট চাওয়ার ধরন নিয়ে প্রশ্ন উঠলে তিনি জানান, ‘এটা জোড় হাত নয়, মানুষের আশীর্বাদ চাওয়া। মানুষকে বলেছি ভাঁওতার কাছে যেন না ঝোঁকে’। বিরোধীদের হুমকির অভিযোগ প্রসঙ্গে তাঁর সাফ জবাব, ‘তৃণমূল কর্মীরা ভয় পায় না। জেল আমাদের কাছে বাড়ির মতো, থানাও আড্ডাখানা’।

 

সভায় বারবার ‘রয়েল বেঙ্গল টাইগার’ প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘এটা রয়েল বেঙ্গল টাইগারের জায়গা। বেশি বাড়াবাড়ি করলে সব সামলে দেবে’। এছাড়াও কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর দাবি, ‘এগুলো বাংলাকে ভয় দেখানোর জন্য আনা হয়েছে। বাংলার মানুষ ভয় পায় না, এর জবাব দেবে ভোটে’। আসন সংখ্যা নিয়ে আশাবাদী তিনি। বলেন, আমরা ২৩০ থেকে ২৩৫ আসন পাব। সভা শেষে সাংবাদিকদের একাধিক প্রশ্নের উত্তরে অনুব্রত মণ্ডল বলেন, ‘খেলা চলছে, আর বাংলার মানুষই শেষ কথা বলবে’। এদিন সভাকে ঘিরে কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মত।

আরও পড়ুন