প্রথম দফার বিধানসভা নির্বাচন ঘিরে রাজ্যজুড়ে তৎপরতা এখন তুঙ্গে। বৃহস্পতিবার ১৬ জেলার ১৫২টি আসনে ভোটগ্রহণ হবে। মালদহ, কোচবিহার, জলপাইগুড়ি, মুর্শিদাবাদ-সহ একাধিক জেলায় প্রশাসন, নির্বাচন কমিশন ও নিরাপত্তা বাহিনী শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে। বুথে বুথে পৌঁছে যাচ্ছে ইভিএম, ভিভিপ্যাট ও অন্যান্য জরুরি সামগ্রী। ভোট শান্তিপূর্ণ করতে কড়া নজরদারি চালানো হচ্ছে সর্বত্র।
এরই মধ্যে মুর্শিদাবাদের ডোমকলে ভোট শুরুর আগেই উত্তেজনার সৃষ্টি হয়েছে। বুধবার সকালে ডিস্ট্রিবিউশন কাম রিসিভিং সেন্টার বা ডিআরসিআর কেন্দ্রে ইভিএম সংগ্রহ করতে এসে ক্ষোভে ফেটে পড়েন বহু ভোটকর্মী। তাঁদের অভিযোগ, ভোটের প্রশিক্ষণ ও নির্বাচন পরিচালনার জন্য যে নির্ধারিত ভাতা দেওয়ার কথা, তা অনেকের ক্ষেত্রে এখনও মেলেনি।
ভোটকর্মীদের একাংশের দাবি, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও সমস্যার সমাধান হয়নি। অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি বলেও অভিযোগ ওঠে। কেউ কেউ বলেন, বারবার জানিয়েও প্রশাসনের তরফে স্পষ্ট উত্তর মেলেনি। এই নিয়ে কেন্দ্রের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। পরিস্থিতি সামাল দিতে প্রশাসনিক আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন।
প্রশাসনের পক্ষ থেকে দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে। আধিকারিকরা জানান, প্রযুক্তিগত বা ব্যাঙ্ক সংক্রান্ত সমস্যার কারণে কিছু ক্ষেত্রে বিলম্ব হতে পারে। বিষয়টি খতিয়ে দেখে দ্রুত টাকা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে।
নির্বাচনের আগের দিন এমন ঘটনায় কিছুটা অস্বস্তি তৈরি হলেও প্রশাসনের দাবি, ভোটগ্রহণে এর কোনও প্রভাব পড়বে না। সব প্রস্তুতি সম্পূর্ণ রয়েছে এবং নির্ধারিত সময়েই ভোট শুরু হবে। এখন নজর শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার দিকে।


