প্রধানমন্ত্রীর সফর: ২৮ এপ্রিল ভোর ৬টার মধ্যে গ্যাংটক ছাড়ার নির্দেশ পর্যটকদের, কড়া নিরাপত্তার চাদরে মুড়ছে শৈলশহর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সিকিম সফরকে কেন্দ্র করে এবার বড়সড় নির্দেশিকা জারি করল রাজ্য সরকার। আগামী ২৮ এপ্রিল যে সকল পর্যটকদের.....

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সিকিম সফরকে কেন্দ্র করে এবার বড়সড় নির্দেশিকা জারি করল রাজ্য সরকার। আগামী ২৮ এপ্রিল যে সকল পর্যটকদের গ্যাংটক ছাড়ার কথা ছিল, তাঁদের ওইদিন ভোর ৬টার মধ্যে পাহাড়ের শৈলশহর ছেড়ে বেরিয়ে যাওয়ার অনুরোধ জানানো হয়েছে।

 

মূলত প্রধানমন্ত্রীর সফরের নিরাপত্তা ব্যবস্থা এবং ট্রাফিক নিয়ন্ত্রণ বজায় রাখতেই এই কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে আধিকারিকরা জানিয়েছেন। প্রধানমন্ত্রীর সফরসূচী অনুযায়ী, আগামী ২৭ এপ্রিল গ্যাংটকে পৌঁছাবেন নরেন্দ্র মোদী এবং সেদিনই তাঁর শহরে একটি বর্ণাঢ্য রোড-শো করার কথা রয়েছে। সফরের দ্বিতীয় দিন অর্থাৎ ২৮ এপ্রিল গ্যাংটকের ঐতিহাসিক পালজোর স্টেডিয়ামে একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সিকিমের ভারতের পূর্ণ অঙ্গরাজ্য হিসেবে অন্তর্ভুক্ত হওয়ার ৫০ বছর পূর্তি বা সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী। মোদীর এই সফরকে ঘিরে গ্যাংটকে এখন সাজ সাজ রব।

 

তবে নিরাপত্তার স্বার্থে ওইদিন সকাল থেকেই শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল সম্পূর্ণ নিয়ন্ত্রিত থাকবে। পর্যটকদের যাতে কোনওরকম হয়রানির মুখে পড়তে না হয় এবং প্রধানমন্ত্রীর কনভয় চলাচলে যাতে কোনও বিঘ্ন না ঘটে, সেই কারণেই ভোরবেলার মধ্যে পর্যটকদের গ্যাংটক ত্যাগের পরামর্শ দিয়েছে প্রশাসন। আধিকারিকদের মতে, ২৮ তারিখ সকালের পর থেকে নিরাপত্তার কড়াকড়ি বহুগুণ বাড়িয়ে দেওয়া হবে, যার ফলে সাধারণ যানবাহন চলাচলে সমস্যা তৈরি হতে পারে। সিকিমের ৫০ বছরের এই গৌরবময় মাইলফলক ছোঁয়ার অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে কোনওরকম খামতি রাখতে চাইছে না প্রশাসন, আর সেই কারণেই পর্যটক থেকে স্থানীয় বাসিন্দা— সকলের পূর্ণ সহযোগিতার আর্জি জানানো হয়েছে।

আরও পড়ুন