রবিবার সকাল থেকে রানাঘাট শহর থেকে একটু দূরে আনুলিয়া রিক্রিয়েশন ক্লাবের ময়দানে এক বিশাল নির্বাচনী জনসভায় এলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন মূলত রানাঘাট উত্তর-পশ্চিমের বিজেপি প্রার্থী পার্থসারথী চট্টোপাধ্যায় ও রানাঘাট দক্ষিণের বিজেপি প্রার্থী অসীম কুমার বিশ্বাসের সমর্থনে অমিত শাহ আসেন। উপস্থিত ছিলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার। এদিন অমিত শাহ তেহট্টের জনসভা করার পর রানাঘাটে আসেন। হেলিপ্যাডে রানাঘাটের সভাস্থলের পিছনে নামার পর মঞ্চে আসেন। প্রথমে তিনি তাঁর কর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে ‘জয় শ্রীরাম’ ধ্বনি তাঁর সাথে একসাথে বলার কথা বলেন। ‘জয় শ্রীরাম’ ধ্বনিতে আকাশ-বাতাস মুখরিত হয়ে ওঠে।
বক্তৃতা দিতে গিয়ে অমিত শাহ তীব্র আক্রমণ করেন মমতা দিদিকে। বারবার তিনি দিদির নানা কর্মকাণ্ডের পাশাপাশি অনুপ্রবেশকারী ও মহিলাদের মাসিক ৩ হাজার টাকা দেওয়ার কথা বলেন। তিনি সকলের উদ্দেশ্যে বার্তা দেন, রানাঘাট ছাড়াও এ রাজ্যে বিজেপির সরকার আসলে নারী সুরক্ষিত সমাজ, কর্মসংস্থান ও আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। এছাড়া রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কথা তুলে ধরেন। এদিন রানাঘাট আনুলিয়া ও এনজিসি ময়দানে বিজেপির প্রচুর কর্মী ও সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।


