কাশীধামে মোদী: ৬৩৫০ কোটির উন্নয়ন প্রকল্পের ডালি ও গঙ্গা এক্সপ্রেসওয়ের শুভ সূচনা

​বারাণসী: মঙ্গলবার নিজের সংসদীয় কেন্দ্র বারাণসীতে দুই দিনের এক ঠাসা কর্মসূচিতে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লাল বাহাদুর শাস্ত্রী বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে.....

​বারাণসী: মঙ্গলবার নিজের সংসদীয় কেন্দ্র বারাণসীতে দুই দিনের এক ঠাসা কর্মসূচিতে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লাল বাহাদুর শাস্ত্রী বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সহ বিজেপির শীর্ষ নেতৃত্ব। এই সফরে প্রধানমন্ত্রী বারাণসীর জন্য প্রায় ৬,৩৫০ কোটি টাকার একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন বলে জানা গিয়েছে। সংশ্লিষ্ট প্রকল্পগুলির মধ্যে রয়েছে রেল, সড়ক, পানীয় জল সরবরাহ, স্বাস্থ্য ও পর্যটন খাতের একাধিক গুরুত্বপূর্ণ পরিকাঠামো।

 

নিজের সফরে তিনি একটি মেগা মহিলা সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি ১,০৫০ কোটি টাকা মূল্যের ৪৮টি সমাপ্ত প্রকল্প জাতির উদ্দেশে উৎসর্গ করবেন। উল্লেখযোগ্য কাজগুলির মধ্যে রয়েছে বারাণসী-আজমগড় সড়ক প্রশস্তকরণ, কাজ্জাকপুরা ও কাদিপুরে নতুন রেল ওভারব্রিজ এবং ভগবানপুরে একটি বিশাল পয়ঃনিষ্কাশন প্ল্যান্টের শুভসূচনা। এ ছাড়াও তিনি ৫০০ শয্যার সুপার-স্পেশালিটি হাসপাতাল, অসি ও দশাশ্বমেধ ঘাটের পুনর্গঠন এবং গঙ্গা নদীর ওপর নতুন রেল-কাম-রোড সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

 

রেল যোগাযোগে গতি আনতে এদিনই বেনারস-পুনে এবং অযোধ্যা-মুম্বই রুটে দুটি নতুন ‘অমৃত ভারত’ এক্সপ্রেস ট্রেনের যাত্রার সূচনা করার কথা তাঁর, যা উত্তরপ্রদেশের সঙ্গে মহারাষ্ট্র ও মধ্যপ্রদেশের সংযোগকে আরও মজবুত করবে। সফরের দ্বিতীয় দিনে অর্থাৎ ২৯ এপ্রিল প্রধানমন্ত্রী প্রথমে কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দেবেন এবং তারপর হরদোই রওনা হবেন দীর্ঘ প্রতীক্ষিত ৫৯৪ কিলোমিটার দীর্ঘ গঙ্গা এক্সপ্রেসওয়ের উদ্বোধন করতে। প্রায় ৩৬,২৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ে মিরাটকে প্রয়াগরাজের সঙ্গে যুক্ত করবে এবং যাতায়াতের সময় প্রায় ১০-১২ ঘণ্টা থেকে কমিয়ে মাত্র ৬ ঘণ্টায় নামিয়ে আনবে।

 

শাহজাহানপুরে সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ জরুরি বিমান অবতরণ সুবিধাযুক্ত এই এক্সপ্রেসওয়েটি প্রতিরক্ষা ক্ষেত্রেও বিশেষ কৌশলগত গুরুত্ব বহন করবে। উত্তরপ্রদেশের ১২টি জেলার মধ্য দিয়ে যাওয়া এই দীর্ঘ করিডোরটি রাজ্যের অর্থনৈতিক মানচিত্র বদলে দেবে এবং কৃষিপণ্যের বাজারজাতকরণ ও পর্যটনের প্রসারে এক নতুন দিগন্ত খুলে দেবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। প্রধানমন্ত্রীর এই জোড়া সফর যেমন বারাণসীর পরিকাঠামোকে নতুন রূপ দেবে, তেমনই গঙ্গা এক্সপ্রেসওয়ের সূচনা উত্তরপ্রদেশের সার্বিক কানেক্টিভিটি গ্রিডে এক অভাবনীয় পরিবর্তন আনবে বলেই আশা করা হচ্ছে।

আরও পড়ুন