মাদার টেরেসার স্মৃতিবিজড়িত কলকাতার ‘মিশনারিজ অফ চ্যারিটি’-তে বিশেষ পরিদর্শনে এলেন মার্কিন রাষ্ট্রদূত সের্জিও গর। সেখানে গিয়ে মাদারের অটুট খ্রিস্টান বিশ্বাস এবং তাঁর নিঃস্বার্থ মানবসেবার অবিস্মরণীয় উত্তরাধিকারের ভূয়সী প্রশংসা করেন তিনি।
এই সফরের বেশ কয়েকটি ছবিও প্রকাশ্যে এসেছে, যেখানে দেখা যাচ্ছে মার্কিন রাষ্ট্রদূত মিশনারিজ অফ চ্যারিটির সন্ন্যাসিনীদের সঙ্গে একান্ত প্রার্থনায় অংশ নিচ্ছেন। কখনও তাঁকে মাদার টেরেসার প্রতিকৃতির সামনে শ্রদ্ধাবনত চিত্তে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে, আবার কখনও তিনি সংস্থার আবাসিক এলাকার আনাচকানাচ ঘুরে দেখছেন। তাঁর এই সফর ঘিরে শহরের পাশাপাশি নেটদুনিয়াতেও ব্যাপক চর্চা শুরু হয়েছে।


