সাইবার জালিয়াতির নতুন ফাঁদ! ডিজিটাল অ্যারেস্টে ৪৫ লক্ষ খোয়ালেন অধ্যাপক

ডিজিটাল অ্যারেস্টের ফাঁদে পড়ে ৪৫ লক্ষ টাকা খোয়ালেন লেক এলাকার এক অবসরপ্রাপ্ত অধ্যাপক। ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার.....

ডিজিটাল অ্যারেস্টের ফাঁদে পড়ে ৪৫ লক্ষ টাকা খোয়ালেন লেক এলাকার এক অবসরপ্রাপ্ত অধ্যাপক। ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশের সাইবার বিভাগ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন আগে ওই অধ্যাপকের মোবাইলে একটি ফোন আসে।

 

ফোনে নিজেদের কুরিয়ার সংস্থার কর্মী পরিচয় দিয়ে জানানো হয়, তাঁর নামে দুবাই থেকে একটি সন্দেহজনক পার্সেল এসেছে। এরপর আধার নম্বর চাওয়া হলে তিনি তা দিয়ে দেন। পরে তাঁকে ভিডিও কলে আসতে বলা হয়। ভিডিও কলে এক ব্যক্তি নিজেকে মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের অফিসার পরিচয় দিয়ে দাবি করেন, অধ্যাপকের আধার ব্যবহার করে বেআইনি লেনদেন ও হাওলার মাধ্যমে টাকা পাচার হয়েছে। এরপর তাঁকে ‘ডিজিটাল অ্যারেস্ট’-এর ভয় দেখিয়ে গ্রেপ্তারের হুমকি দেওয়া হয়।

 

অভিযোগ, আতঙ্কে পড়ে প্রতারকদের দেওয়া একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোট ৪৫ লক্ষ টাকা পাঠিয়ে দেন ওই অধ্যাপক। পরে আরও টাকা দাবি করা হলে তাঁর সন্দেহ হয়। এরপর তিনি লেক থানায় অভিযোগ দায়ের করেন।
তদন্তে নেমে লালবাজারের আধিকারিকরা কসবা ও যাদবপুর এলাকা থেকে রাজা কুমার ও সুদীপ সাহা নামে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেন। ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন