পুলিশকে আক্রমণে ‘জ়িরো টলারেন্স’, পার্ক সার্কাস থেকে কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

পার্ক সার্কাসে সাম্প্রতিক অশান্তির ঘটনার পর কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার পার্ক সার্কাসের ডিসি অফিসে পুলিশ আধিকারিকদের সঙ্গে.....

পার্ক সার্কাসে সাম্প্রতিক অশান্তির ঘটনার পর কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার পার্ক সার্কাসের ডিসি অফিসে পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক করার পর তিনি স্পষ্ট জানান, পুলিশ বা আইনরক্ষকদের উপর হামলা কোনওভাবেই বরদাস্ত করা হবে না। ঘটনায় এখনও পর্যন্ত ৪০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার পার্ক সার্কাস এলাকায় বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয় বলে অভিযোগ। পুলিশ সূত্রে দাবি, বিক্ষোভের সময় তাদের লক্ষ্য করে ইট ছোড়া হয় এবং কেন্দ্রীয় বাহিনীর গাড়িতেও ভাঙচুর চালানো হয়। পরিস্থিতি সামাল দিতে এলাকায় বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়। ঘটনায় কয়েকজন পুলিশকর্মী ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ান আহত হন।

 

সোমবার ডিসি অফিসে গিয়ে আহত পুলিশকর্মীদের খোঁজ নেন মুখ্যমন্ত্রী। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ যেভাবে পরিস্থিতি সামলেছে, তা প্রশংসনীয়। তিনি স্পষ্ট করে জানান, কোনও রাজনৈতিক বা ধর্মীয় সংগঠন আইন মেনে কর্মসূচি করতে পারে, কিন্তু পুলিশকে লক্ষ্য করে হামলা বা অশান্তি তৈরি করলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

 

মুখ্যমন্ত্রী আরও বলেন, আইন অনুযায়ী পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। কেউ আইন হাতে তুলে নিলে প্রশাসন কঠোরভাবে মোকাবিলা করবে বলেও জানান তিনি। একই সঙ্গে সাধারণ মানুষের উদ্দেশে তাঁর বার্তা, পুলিশের বিরুদ্ধে কোনও অভিযোগ থাকলে তা আইন মেনে প্রশাসনের কাছে জানাতে হবে।
পার্ক সার্কাসের ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকায় এখনও কড়া নজরদারি চালানো হচ্ছে।

আরও পড়ুন