বিধাননগরে দলীয় কার্যালয়ে থেকে শতাধিক আধার কার্ড এবং একাধিক গুরুত্বপূর্ণ নথি উদ্ধারে ব্যাপক চাঞ্চল্য

বিধাননগর পুরসভার ৩৬ নম্বর ওয়ার্ডের বাসন্তী দেবী কলোনির একটি দলীয় কার্যালয় থেকে শতাধিক আধার কার্ড এবং একাধিক গুরুত্বপূর্ণ নথি উদ্ধারের.....

বিধাননগর পুরসভার ৩৬ নম্বর ওয়ার্ডের বাসন্তী দেবী কলোনির একটি দলীয় কার্যালয় থেকে শতাধিক আধার কার্ড এবং একাধিক গুরুত্বপূর্ণ নথি উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নথিগুলি বাজেয়াপ্ত করে নিয়ে যায় বিধাননগর দক্ষিণ থানার পুলিশ।

 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া নথির মধ্যে জমি সংক্রান্ত কিছু কাগজপত্রও রয়েছে। এলাকার বাসিন্দাদের একাংশের অভিযোগ, অতীতে ভোটের সময় বিভিন্ন অজুহাতে ভোটার ও আধার কার্ড সংগ্রহ করা হয়েছিল। অনেক আবেদনকারী দীর্ঘদিন নিজেদের আধার কার্ড হাতে পাননি বলেও দাবি করেছেন তাঁরা। বিজেপির স্থানীয় কর্মীদের একাংশও এই ঘটনায় সরব হয়েছে। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরেই এমন অভিযোগ উঠছিল, কিন্তু আগে কেউ প্রকাশ্যে মুখ খুলতে সাহস পাননি। অন্যদিকে, বিধাননগরের বিধায়ক শারদ্বত মুখোপাধ্যায় জানিয়েছেন, নির্বাচনী প্রচারের সময়েও এ ধরনের একাধিক অভিযোগ তাঁদের কাছে এসেছিল।

 

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূলের একাংশ। তাঁদের দাবি, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে দলকে বদনাম করার চেষ্টা চলছে। পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া আধার কার্ড ও নথিগুলি কার, কীভাবে সেগুলি দলীয় কার্যালয়ে এল, তা খতিয়ে দেখা হচ্ছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন