নিজস্ব প্রতিনিধি, পলাশীপাড়া: গ্রামীণ ও প্রান্তিক মানুষের দোরগোড়ায় উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দিতে পলাশীপাড়ায় অনুষ্ঠিত হলো এক অনন্য সামাজিক উদ্যোগ। সমাজকর্মী অনুপ রায়ের উদ্যোগে এবং ‘দৃষ্টিকোণ’ স্বেচ্ছাসেবী সংস্থার ব্যবস্থাপনায় অঞ্চলে দশম “বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির” আয়োজিত হয়। সোমবার সকাল থেকেই শিবিরে ছিল উপচে পড়া ভিড়। জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে এলাকার মোট ৬৫৭ জন প্রবীণ নাগরিক এই শিবিরে চোখ পরীক্ষা করান।
বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল নিখরচায় রোগীদের চোখ পরীক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ দেন। উদ্যোক্তাদের পক্ষ থেকে ২৬০ জন রোগীকে বিনামূল্যে চশমা ও জরুরি ওষুধ বিতরণ করা হয়। পাশাপাশি, ২৪১ জন ছানি আক্রান্ত রোগীর সম্পূর্ণ বিনামূল্যে অস্ত্রোপচারের দায়িত্ব নিয়েছে সংস্থাটি।
স্থানীয় বাসিন্দাদের মতে, এই শিবির অভাবী মানুষের চোখের আলো ও আত্মবিশ্বাস ফিরিয়ে দিচ্ছে। এর আগেও ‘দৃষ্টিকোণ’ সংস্থাটি প্রায় ৩৬ হাজার মানুষকে খাদ্য ও বস্ত্রের সহায়তা দিয়েছে। উদ্যোক্তারা জানান, সরকারি স্তরের সহযোগিতা ও উৎসাহ পেলে এই মানবকল্যাণমূলক সেবা পলাশীপাড়া বিধানসভার গণ্ডি ছাড়িয়ে আগামী দিনে আরও বিস্তীর্ণ এলাকায় প্রসারিত করা সম্ভব হবে।


