মালদা, বিশ্বজিৎ মন্ডলঃ আজ মঙ্গলবার দুপুর সাড়ে বারোটা নাগাদ মানিকচক থানার গোপালপুরের শান্তিপুর ঘাটে গঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে যাওয়া তিন বালিকার মধ্যে একজনের দেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া বালিকার নাম তিথি মণ্ডল। এস ডি আর এফ টিমের চেষ্টায় তার দেহ উদ্ধার হয়। বাকি দুই বালিকার খোঁজে তল্লাশি অব্যাহত রয়েছে।
গতকাল থেকেই স্থানীয় যুবক, গ্রামবাসী, সিভিল ডিফেন্স ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং এস ডি আর এফ টিম যৌথভাবে নিরলসভাবে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছিল। আজ দুপুরে এস ডি আর এফ টিম সফল হয় এবং তিথি মণ্ডলের দেহ উদ্ধার করে। এস ডি আর এফ -এর হেড অফ দ্য ডিপার্টমেন্ট এএসআই মো. রাজিবুল ইন্তাজ বলেন, “গ্রামবাসীদের যথেষ্ট সহযোগিতা ও ভূমিকা রয়েছে এই উদ্ধারের পিছনে। আমরা গতকাল থেকেই আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। একজনের দেহ উদ্ধার হয়েছে। বাকি দুইজনের জন্য আমাদের টিম নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। যতক্ষণ না তাদের উদ্ধার করা যায়, ততক্ষণ আমরা আমাদের অভিযান চালিয়ে যাব।”অন্যদিকে, সিভিল ডিফেন্স কুইক রেসপন্স টিম -এর টিম লিডার রামানন্দ প্রামাণিক জানান, “গতকাল থেকে আমরা স্পিডবোট নিয়ে তল্লাশি চালাচ্ছি। আজ দুপুর সাড়ে বারোটা নাগাদ তিথি মণ্ডল নামে এক বালিকার দেহ উদ্ধার করা হয়েছে। বাকি দুইজনের খোঁজে তল্লাশি অব্যাহত রয়েছে।”
স্থানীয়রা মনে করছেন, যে জায়গায় তিথির দেহ পাওয়া গেছে, তার আশেপাশেই বাকি দুই বালিকার দেহ পাওয়া যেতে পারে। তাই সেই এলাকায় বিশেষ নজর দিয়ে তল্লাশি চলছে। এলাকার মানুষ এস ডি আর এফ ও সিভিল ডিফেন্স টিমকে সর্বাত্মক সহযোগিতা করছেন। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই শান্তিপুর ঘাট এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারগুলির মধ্যে চরম আতঙ্ক ও উদ্বেগ দেখা যাচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, নদীর এই অংশে স্রোত বেশি থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। তাই ঘাটে আরও সতর্কতা ও নজরদারির দাবি জানিয়েছেন তাঁরা। পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার অভিযান চলছে এবং বাকি দুই বালিকার দেহ যত তাড়াতাড়ি সম্ভব উদ্ধারের চেষ্টা করা হবে। ঘটনার তদন্তও শুরু হয়েছে।


