মালদা,বিশ্বজিৎ মন্ডল:- তীব্র শব্দে কাঁপছিল ঘর,চলছিল হোম থিয়েটার। আর সেই শব্দের আড়ালেই চাপা পড়ে যাচ্ছিল এক যুবতীর অসহায় আর্তনাদ। এই অভিযোগ ঘিরেই চাঞ্চল্য ছড়িয়েছে মালদা থানার অন্তর্গত একটি গ্রামে।পরিবারের অভিযোগ, সোমবার দুপুরে জমির নথি দেওয়ার নাম করে এক প্রতিবেশী ব্যক্তি যুবতীকে নিজের বাড়িতে ডেকে নিয়ে যায়। সেখানেই তার সঙ্গে শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে যখন অভিযুক্ত ধারালো অস্ত্র দেখিয়ে তাকে ভয় দেখায়, যাতে বাইরে কোনও আওয়াজ না পৌঁছায়।
তবে আতঙ্ককে জয় করে কোনওক্রমে সেখান থেকে পালিয়ে বাড়ি ফিরে আসে যুবতী। পরিবারের কাছে ঘটনা জানাতেই মুহূর্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।এরপরই ক্ষুব্ধ গ্রামবাসীরা অভিযুক্তকে ধরে পুলিশের হাতে তুলে দেন। মালদা থানার পুলিশ তাকে গ্রেফতার করে। মঙ্গলবার ধৃতকে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।যদিও অভিযুক্ত সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। ঘটনাটির গুরুত্ব বিবেচনা করে তদন্ত শুরু করেছে পুলিশ।


