আর জি কর মেডিক্যাল কলেজের অভয়া কাণ্ডে তদন্তে আরও কড়া পদক্ষেপের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। শুধু সেমিনার হল নয়, ঘটনার সঙ্গে যুক্ত হাসপাতালের সমস্ত সংশ্লিষ্ট জায়গা সিল করার নির্দেশ দেওয়া হয়েছে সিবিআইকে। মঙ্গলবার বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেয়।
আদালতে এদিন জানতে চাওয়া হয়, তদন্তভার নেওয়ার পর সিবিআই কোন কোন জায়গা সিল করেছিল। জবাবে তদন্তকারী সংস্থা জানায়, শুধুমাত্র সেমিনার হল সিল করা হয়েছিল। এরপরই আদালত প্রশ্ন তোলে, ঘটনার সঙ্গে যুক্ত অন্য কোনও জায়গা সিল করার প্রয়োজন মনে হয়নি কেন।
দীর্ঘদিন ধরেই নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছিল, সেমিনার হলের পাশের একটি ঘর এবং তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের চেম্বারের সঙ্গেও ঘটনার যোগ থাকতে পারে। সেই বিষয়টি মাথায় রেখেই আদালত সংশ্লিষ্ট সমস্ত জায়গা সিল করার নির্দেশ দিয়েছে বলে জানা গিয়েছে।
এদিন আদালতে মামলার শুনানিকে ঘিরে যথেষ্ট গুরুত্ব দেখা যায়। আগামী বৃহস্পতিবার এই মামলার পরবর্তী শুনানি হওয়ার কথা রয়েছে।
অন্যদিকে, রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর নতুন করে আর জি কর কাণ্ডের তদন্তে গতি এসেছে। ইতিমধ্যেই কয়েক জন আইপিএস অফিসারকে সাসপেন্ড করা হয়েছে। পাশাপাশি সেই সময়কার প্রশাসনিক ভূমিকা নিয়েও তদন্তের ইঙ্গিত মিলেছে। ফলে গোটা ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতেও চাপানউতোর আরও বেড়েছে।


