আগামী ১ জুন থেকে সরকারি বাসে মহিলাদের বিনা ভাড়ায় যাতায়াতের পরিষেবা চালু করতে চলেছে রাজ্য সরকার। তবে এই নতুন পরিষেবা শুরু করার আগেই একাধিক সমস্যার মুখে পড়েছে পরিবহণ নিগমগুলি।বাসের অভাব, জ্বালানি বকেয়া এবং রক্ষণাবেক্ষণের সমস্যায় দীর্ঘদিন ধরেই ধুঁকছে সরকারি বাস পরিষেবা।পরিবহণ দফতর সূত্রে খবর, বর্তমানে যে বাস রয়েছে, সেগুলি দিয়েই পরিষেবা শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
পাশাপাশি ডিপোতে পড়ে থাকা বাসগুলিকে দ্রুত মেরামত করে রাস্তায় নামানোর উদ্যোগও শুরু হয়েছে।জানা গিয়েছে, বিভিন্ন পরিবহণ নিগমের হাতে কতগুলি বাস রয়েছে এবং কতগুলি পরিষেবার উপযোগী, সেই তথ্য ইতিমধ্যেই তলব করেছে নবান্ন। ডিজেল ও সিএনজি সরবরাহ নিয়েও কিছু সমস্যার অভিযোগ উঠেছে।
তবে সমস্ত বাধা কাটিয়ে নতুন পরিষেবা সফল করতে প্রশাসন তৎপর বলে দাবি দফতরের। সরকারি বাস পরিষেবাকে আবার স্বাভাবিক ছন্দে ফেরাতে আশাবাদী আধিকারিকদের একাংশ।


