আমেরিকায় ভারতীয় সংস্থাগুলির ২০ বিলিয়ন ডলার বিনিয়োগে উচ্ছ্বসিত মার্কিন রাষ্ট্রদূত, আসন্ন বাণিজ্য চুক্তি

আমেরিকায় ভারতীয় সংস্থাগুলির ক্রমবর্ধমান উপস্থিতি এবং বাণিজ্যের প্রসারে উচ্ছ্বাস প্রকাশ করলেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সের্জিও গোর। সম্প্রতি অনুষ্ঠিত বার্ষিক.....

আমেরিকায় ভারতীয় সংস্থাগুলির ক্রমবর্ধমান উপস্থিতি এবং বাণিজ্যের প্রসারে উচ্ছ্বাস প্রকাশ করলেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সের্জিও গোর। সম্প্রতি অনুষ্ঠিত বার্ষিক ‘সিলেক্ট ইনভেস্টমেন্ট সামিট’-এ ভারতীয় কর্পোরেট সংস্থাগুলি আমেরিকায় ২০ বিলিয়ন (২০০০ কোটি) ডলারেরও বেশি অভ্যন্তরীণ বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। বৃহস্পতিবার নয়াদিল্লিতে ‘আমেরিকান চেম্বার অফ কমার্স ইন ইন্ডিয়া’ (অ্যামচ্যাম ইন্ডিয়া)-র এক উচ্চ পর্যায়ের বৈঠকে এই বিপুল লগ্নির ভূয়সী প্রশংসা করেন মার্কিন রাষ্ট্রদূত।

 

​এ দিনের বৈঠকে সের্জিও গোর বলেন, “আমেরিকায় ভারতীয় সংস্থাগুলির ২০ বিলিয়ন ডলারেরও বেশি বিনিয়োগের প্রতিশ্রুতি দেখে আমি রোমাঞ্চিত। ২০ বিলিয়ন ডলার কেবল একটি বড় অঙ্কই নয়, আমেরিকায় বিনিয়োগ টানার ক্ষেত্রে বিশ্বের সমস্ত মার্কিন দূতাবাসের মধ্যে ভারতে অবস্থিত আমাদের দূতাবাস বিশ্বে প্রথম স্থান অধিকার করেছে, যা এক অবিশ্বাস্য অর্জন।” পাশাপাশি ভারতের দ্রুত বর্ধনশীল বাজারে মার্কিন সংস্থাগুলির ক্রমবর্ধমান উপস্থিতির কথাও তুলে ধরেন তিনি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বর্তমান প্রশাসনের অর্থনৈতিক নীতির রূপরেখা স্পষ্ট করে রাষ্ট্রদূত জানান, মার্কিন প্রেসিডেন্ট তাঁদের দেশীয় শিল্প এবং শ্রমিকদের জন্য লাভজনক বাণিজ্যিক সুযোগ তৈরি করতে গভীরভাবে প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে তিনি নিশ্চিত করেছেন যে, দুই দেশের মধ্যে একটি অন্তর্বর্তীকালীন বাণিজ্য চুক্তি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে এবং খুব শীঘ্রই তা বাস্তবায়িত হতে চলেছে।

 

​এই আশাবাদের সুর শোনা গিয়েছে ভারতের গলাতেও। ওই একই অনুষ্ঠানে যোগ দিয়ে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গয়াল এদিন জানান, গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বাণিজ্য আলোচনার জন্য আগামী মাসে একটি সরকারি মার্কিন প্রতিনিধি দল ভারতে আসতে চলেছে। গত এপ্রিলে ভারতীয় প্রতিনিধি দলের ওয়াশিংটন সফরের পর এই বৈঠকটি হতে চলেছে, যেখানে অন্তর্বর্তীকালীন চুক্তির সূক্ষ্ম দিকগুলো নিয়ে আলোচনা হবে। আগামী ২৩ মে থেকে বাণিজ্য, প্রতিরক্ষা এবং শক্তি ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে চার দিনের সরকারি সফরে ভারতে আসছেন মার্কিন বিদেশসচিব মার্কো রুবিও। তবে বাণিজ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন যে, মার্কিন প্রধান বাণিজ্য আলোচক রুবিওর সঙ্গে আসছেন না, আগামী মাসে তাঁর আলাদাভাবে ভারতে আসার কথা রয়েছে।

 

​উল্লেখ্য, গত ৭ ফেব্রুয়ারি ভারত ও আমেরিকার মধ্যে অন্তর্বর্তীকালীন বাণিজ্য চুক্তির একটি রূপরেখা তৈরি হয়েছিল। কিন্তু এরপর মার্কিন সুপ্রিম কোর্ট পারস্পরিক শুল্ক বাতিলের নির্দেশ দেওয়ায় পরিস্থিতি নাটকীয়ভাবে বদলে যায়। বাধ্য হয়ে ট্রাম্প প্রশাসন গত ২৪ ফেব্রুয়ারি থেকে ১৫০ দিনের জন্য সমস্ত আমদানি করা পণ্যের ওপর ১০ শতাংশ অতিরিক্ত শুল্ক (ট্রেড অ্যাক্টের সেকশন ১২২-এর অধীনে) আরোপ করে। একই সঙ্গে ভারতের মতো প্রধান রফতানিকারক দেশগুলির বিরুদ্ধে অতিরিক্ত শিল্প উৎপাদন ও শ্রম নীতি নিয়ে সেকশন ৩০১-এর অধীনে জোড়া তদন্ত শুরু করে আমেরিকা। নয়াদিল্লি ইতিমধ্যেই এই জোড়া তদন্তের প্রেক্ষিতে তাদের বিশদ জবাব পাঠিয়েছে এবং চূড়ান্ত চুক্তির জট কাটাতে দুই দেশের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে।

আরও পড়ুন