মুখ্যমন্ত্রী হয়ে প্রথম বেলুড়ে শুভেন্দু

বেলুড় মঠে নতমস্তক হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দায়িত্ব নেওয়ার পর এই প্রথম রামকৃষ্ণ মঠ ও মিশনের সদর দফতরে পা রাখলেন.....

বেলুড় মঠে নতমস্তক হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দায়িত্ব নেওয়ার পর এই প্রথম রামকৃষ্ণ মঠ ও মিশনের সদর দফতরে পা রাখলেন তিনি। বৃহস্পতিবার সকাল থেকেই মঠ চত্বর ঘিরে ছিল কড়া নিরাপত্তা। প্রায় এক ঘণ্টা মঠে কাটালেন মুখ্যমন্ত্রী। মূল মন্দির-সহ অন্যান্য মন্দিরে পুজো দিয়ে দেখা করলেন অধ্যক্ষ গৌতমানন্দজি মহারাজের সঙ্গে। কথা হল সাধারণ সম্পাদক সুবীরানন্দজি ও সহকারী সম্পাদক বলভদ্রানন্দজি মহারাজের সঙ্গেও। মহারাজেরা ফুলের মালা পরিয়ে বরণ করতেই শুভেন্দু প্রত্যেককে প্রণাম জানালেন মাথা নুইয়ে। মঠের তরফে তাঁকে দেওয়া হল স্বামী বিবেকানন্দের রচনাবলি ও ফুলের তোড়া।

 

প্রসাদ গ্রহণের পর মুখ্যমন্ত্রী জানালেন, শিক্ষা, স্বাস্থ্য, সেবা ও আধ্যাত্মিকতার প্রসারই তাঁর লক্ষ্য। সমাজমাধ্যমে লিখলেন, ঠাকুর রামকৃষ্ণ, মা সারদা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে ধন্য হলেন। মহারাজদের আশীর্বাদ ও সান্নিধ্য তাঁর পথ চলার শক্তি। ভোটে পালাবদলের পর রাজনৈতিক বার্তার পাশাপাশি আধ্যাত্মিক ঐতিহ্যের সঙ্গে সেতুবন্ধনে নেমেছেন নতুন মুখ্যমন্ত্রী। বেলুড় মঠের মতো প্রতিষ্ঠানে হাজিরা দিয়ে বুঝিয়ে দিলেন, শাসন আর সংস্কৃতি আলাদা নয়। মঠ দর্শন সেরে সোজা নিউ কালেক্টরেটে পুলিশ-প্রশাসনের সঙ্গে বৈঠকে যোগ দিলেন শুভেন্দু।

আরও পড়ুন