‘ক্রিকেটাররা হকি খেলোয়াড়দের ১৫ শতাংশ ফিটও নন’, কোহলির মন্তব্যে আলোড়ন

ভারতীয় হকি খেলোয়াড়দের শারীরিক সক্ষমতা ও ফিটনেসের প্রশংসায় পঞ্চমুখ হলেন কিংবদন্তি ক্রিকেটার বিরাট কোহলি। আধুনিক হকির কঠিন পরিশ্রম এবং নিয়মানুবর্তিতাকে.....

ভারতীয় হকি খেলোয়াড়দের শারীরিক সক্ষমতা ও ফিটনেসের প্রশংসায় পঞ্চমুখ হলেন কিংবদন্তি ক্রিকেটার বিরাট কোহলি। আধুনিক হকির কঠিন পরিশ্রম এবং নিয়মানুবর্তিতাকে কুর্নিশ জানিয়ে তাঁর স্পষ্ট বক্তব্য, ফিটনেসের দিক থেকে ক্রিকেটাররা হকি তারকাদের ধারেকাছেও আসেন না।

 

সম্প্রতি আয়োজিত ‘আরসিবি ইনোভেশন ল্যাব ইন্ডিয়ান স্পোর্টস সামিট’-এর তৃতীয় সংস্করণে এসে দেশের ক্রীড়াক্ষেত্র নিয়ে এক অকপট মন্তব্য করেন কোহলি। তিনি বলেন, “আমাদের দেশে ক্রিকেটকে এতটাই স্পটলাইটের আলোয় রাখা হয় যে, আমরা অনেক সময় অন্যান্য খেলাগুলোকে উপেক্ষা করে ফেলি।” এর পরেই হকি খেলোয়াড়দের ফিটনেস স্তরের প্রসঙ্গ টেনে বিরাট যোগ করেন, “একজন ভারতীয় হকি খেলোয়াড়ের যে মাত্রার ফিটনেস থাকে, ক্রিকেটাররা তার ১৫ শতাংশও নন।”

 

বিরাটের এই মন্তব্য দেশের হকি মহলে অত্যন্ত ইতিবাচক সাড়া ফেলেছে। ‘হকি ইন্ডিয়া’ এক বিবৃতিতে জানিয়েছে, বিরাটের এই বক্তব্য ভারতীয় হকি খেলোয়াড়দের হৃদয়ে গভীরভাবে রেখাপাত করেছে। আধুনিক হকির দাবি মেনে তাঁরা মাঠের ভেতরে ও বাইরে যে কঠোর শৃঙ্খলা ও অক্লান্ত পরিশ্রম বজায় রাখেন, এটি কেবল তার প্রশংসাই নয়, বরং একটি বড় স্বীকৃতি।

 

কোহলির এই মন্তব্যের প্রেক্ষিতে ভারতীয় পুরুষ হকি দলের অধিনায়ক হরমনপ্রীত সিং ক্রিকেট আইকনের সঙ্গে তাঁর সাম্প্রতিক এক আলাপচারিতার কথা স্মরণ করেন। তিনি জানান, বিরাটের মতো একজন বিশ্বমানের অ্যাথলেটের মুখ থেকে এই ধরনের কথা হকি খেলার জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং অনুপ্রেরণাদায়ক। দলের অভিজ্ঞ খেলোয়াড় মনপ্রীত সিং এবং মিডফিল্ডার হার্দিক সিংও অধিনায়কের সুরে সুর মিলিয়ে কোহলির এই উদার প্রশংসাকে স্বাগত জানিয়েছেন।

আরও পড়ুন