বীরভূমের মল্লারপুর থানার কোট গ্রামে বিপুল পরিমাণে তাজা বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়।শুক্রবার সকাল নাগাদ কোট গ্রামের চাঁদের মাঠ পুকুর পাড়ে বাঁশ ঝাড়ের পাশে থরে থরে সাজানো অবস্থায় তাজা বোমা পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর দেওয়া হয় মল্লারপুর থানায়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে মল্লারপুর থানার বিশাল পুলিশ বাহিনী এসে এলাকা ঘিরে ফেলে। মাঠের মধ্যে বাঁশঝাড়ের পাশ থেকে আনুমানিক ৩১ পিস তাজা বোমা উদ্ধার করে পুলিশ।
ঘটনাস্থলটিকে পুলিশ দিয়ে ঘিরে রাখা হয়। বোম স্কোয়াডকে খবর দেওয়া হলে পরবর্তীতে বোমা গুলি নিষ্ক্রিয় করা হয়।পাশাপাশি নির্বাচনের পর এত বিপুল পরিমাণ তাজা বোমা উদ্ধার ঘিরে আতঙ্ক ছড়ায় কোট গ্রামের বাসিন্দাদের মধ্যে। তবে কে বা কারা এবং কি উদ্দেশ্যে এত বিপুল পরিমাণে বোমা মজুদ রেখেছিল তার তদন্ত শুরু করেছে পুলিশ।


