২০২১ সালের বিধানসভা নির্বাচনে আপনারা তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেছিলেন। এবার আমি সেই ঋণ শোধ করব। নন্দীগ্রাম বিধানসভার জনসাধারণের প্রতি ধন্যবাদ জ্ঞাপন সভায় আজ রবিবার একথা বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উল্লেখ্য, ২০২১ বিধানসভা নির্বাচনে এই নন্দীগ্রামে প্রথমবার শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হয়েছিলেন রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-এ পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম আসনে যেমন জয়লাভ করেছিলেন শুভেন্দু অধিকারী, তেমনই কলকাতার ভবানীপুর আসন থেকে লড়াই করে এবারও মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেন শুভেন্দু অধিকারী।
নিয়ম মেনে একটি আসন ছেড়ে দিতে হয়েছে শুভেন্দু অধিকারীকে। নন্দীগ্রাম আসন ছেড়ে দিলেও নন্দীগ্রামের মানুষের লড়াইকে সম্মান জানাতে এদিন এই সভায় উপস্থিত ছিলেন তিনি। নন্দীগ্রামের উন্নয়নের যে প্রতিশ্রুতি তিনি দিয়েছেন, তা পূরণ করবেন বলেও জানান মুখ্যমন্ত্রী। নন্দীগ্রামের আসন্ন বিধানসভা উপনির্বাচনে দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা আসনের মতোই ফলাফল করার আহ্বান জানান শুভেন্দু অধিকারী। সভায় উপস্থিত ছিলেন নন্দীগ্রামের শহীদ পরিবারের প্রতিনিধিরা, পূর্ব মেদিনীপুর জেলার বিধায়কগণ, কাঁথির সাংসদ সৌমেন্দু অধিকারীসহ হাজার হাজার নন্দীগ্রামের মানুষ।


