রবিবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এলাকায় ৬০ নম্বর জাতীয় সড়কের ধারে তৃণমূল কংগ্রেসের অস্থায়ী কার্যালয় খোলা হলে সেখানে দেখা যায় থরে থরে সাজানো রয়েছে প্রচুর ত্রিপল ও কম্বল। যার ফলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকায় জড়ো হন বিজেপির কর্মী ও সমর্থকরা। তাঁরা বিষয়টি পুলিশ ও প্রশাসনের আধিকারিকদের জানান। বিজেপির পক্ষ থেকে জানানো হয় যে, ‘ঐ ত্রিপল এবং কম্বল সরকারের ত্রাণের জিনিস, সেই জিনিসগুলি দুর্গত মানুষদের দেওয়ার জন্য পাঠানো হয়েছিল, কিন্তু তৃণমূল কংগ্রেস নেতারা এলাকার দুর্গত মানুষদের না দিয়ে নিজেদের কার্যালয়ে রেখে দিয়েছিলেন।
আসলেই এই সরকারি ত্রাণের জিনিসগুলি নিজেরাই লোপাট করার জন্য দরিদ্র মানুষকে না দিয়ে নিজেদের কার্যালয়ে রেখে দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের নেতারা।’ বলে বিজেপি দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়। সেই সঙ্গে বিজেপির পক্ষ থেকে পুলিশ ও প্রশাসনের কাছে দাবি জানানো হয়েছে, কারা কী কারণে সরকারের ত্রাণের জিনিস তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে রেখেছিল তা খতিয়ে দেখে দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করে আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তবে ঘটনাস্থলে এসে পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে থাকা ত্রিপল ও কম্বলগুলি উদ্ধার করে নিয়ে যান।


