মালদা, বিশ্বজিৎ মন্ডল: সম্প্রতি মালদার মানিকচকের ভূতনীর উত্তর চন্ডীপুর অঞ্চলের মদনটোলা বুথ এলাকায় আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে গ্রামবাসীদের কাছ থেকে মাথাপিছু দুই হাজার টাকা করে নেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূল পঞ্চায়েত প্রধান ও স্বামীর বিরুদ্ধে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই মঙ্গলবার অভিযোগকারীদের বিডিও অফিসে ডেকে তাদের অভিযোগ শুনলেন মানিকচকের বিডিও।
বিডিওর কাছে অভিযোগ জানাতে আসা মদনটোলা বুথ এলাকার বাসীন্দারা জানালেন, তৃণমূল পরিচালিত ভূতনীর উত্তর চন্ডীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অর্চনা মন্ডল এবং তার স্বামী বিফল মন্ডল এই দুজনে মিলে গ্রামবাসীদের অনেকের কাছ থেকে দুই হাজার টাকা করে নিয়েছেন। টাকা নেওয়ার বিনিময়ে। তারা গ্রামবাসীদের আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু সেই আশ্বাস মতো তারা পাইয়ে দিতে পারেননি। তাই টাকা ফেরতের দাবীতে তারা বিডিও অফিসে প্রধান এবং তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন। আজ সেই অভিযোগ গ্রামবাসীদের মুখ থেকে শুনলেন বিডিও সাহেব।


