রাজ্যে নতুন সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠনের পর এবার নজর মন্ত্রীদের দপ্তর বণ্টনের দিকে। সোমবার পূর্ণমন্ত্রী, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ও প্রতিমন্ত্রী মিলিয়ে মোট ৩৫ জন বিধায়ক শপথ নেওয়ার পর বুধবারের ক্যাবিনেট বৈঠকে তাঁদের দপ্তর বণ্টনের সম্ভাবনা ছিল। তবে সেই প্রক্রিয়া এদিন সম্পূর্ণ হয়নি বলে নবান্ন সূত্রে খবর।
সূত্রের দাবি, আগামী শুক্রবার নতুন মন্ত্রীদের মধ্যে দপ্তর বণ্টনের কাজ সম্পন্ন হতে পারে। ফলে আপাতত নতুন দায়িত্ব পাওয়ার অপেক্ষায় রয়েছেন সদ্য শপথ নেওয়া মন্ত্রীরা।
উল্লেখ্য, বিপুল জনসমর্থন নিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে বিজেপি সরকার। গত ৯ মে রবীন্দ্র জয়ন্তীর দিনে ব্রিগেড ময়দানে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে প্রথম দফায় শপথ নিয়েছিলেন অগ্নিমিত্রা পল, দিলীপ ঘোষ-সহ মোট ছয়জন। এরপর থেকেই তাঁরা বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব সামলাচ্ছেন।
সোমবার পূর্ণাঙ্গ মন্ত্রিসভা সম্প্রসারণের মাধ্যমে মুখ্যমন্ত্রী-সহ মন্ত্রিসভার মোট সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ৪১। এর মধ্যে রয়েছেন ১৯ জন ক্যাবিনেট মন্ত্রী, ৩ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং ১৯ জন প্রতিমন্ত্রী।
এদিকে বুধবারের ক্যাবিনেট বৈঠকে নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টন না হলেও একাধিক সরকারি প্রকল্পের সূচনা হয়েছে। অন্নপূর্ণা যোজনা এবং আপনার সরকার আপনার পাশে কর্মসূচির সূচনার মতো বিষয়গুলি বৈঠকে গুরুত্ব পেয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।


