পঞ্চায়েত সদস্যের উপর প্রাণঘাতী হামলার অভিযোগ

মালদা,বিশ্বজিৎ মন্ডলঃ গরিব মানুষের পাট্টার জমি জবরদখলমুক্ত করতে সক্রিয় ভূমিকা নেওয়ার জেরেই এক পঞ্চায়েত সদস্যের উপর প্রাণঘাতী হামলার অভিযোগ উঠল।.....

মালদা,বিশ্বজিৎ মন্ডলঃ গরিব মানুষের পাট্টার জমি জবরদখলমুক্ত করতে সক্রিয় ভূমিকা নেওয়ার জেরেই এক পঞ্চায়েত সদস্যের উপর প্রাণঘাতী হামলার অভিযোগ উঠল। রাস্তায় একা পেয়ে তাঁর পথ আটকে বেধড়ক মারধর করা হয় এবং রড ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর জখম করা হয় বলে অভিযোগ। ঘটনায় এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। জখম পঞ্চায়েত সদস্যের নাম নাজিদুল হক। তিনি হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের বিরুয়া গ্রামের বাসিন্দা। অভিযোগ উঠেছে বিরুয়ার জমিদার পরিবারের তিন ভাই গোমেদ একবাল, আসাদুল একবাল, জালালুদ্দিন একবাল এবং রহিম আলি-সহ মোট ছ’জনের বিরুদ্ধে। ঘটনার পর রহিম আলিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে অভিযুক্তদের বিরুদ্ধে গরিব মানুষের পাট্টার জমি দখল করে বিক্রি করে দেওয়ার অভিযোগ রয়েছে। সেই জমি প্রকৃত উপভোক্তাদের ফিরিয়ে দিতে নাজিদুল হক সক্রিয় ভূমিকা পালন করেন। অভিযোগ, প্রায় এক বছর আগে আইনি লড়াইয়ের মাধ্যমে প্রায় ৫০ জন গরিব মানুষের পাট্টার জমি ফিরিয়ে দিতে সক্ষম হয়েছিলেন তিনি। পরিবারের দাবি, বুধবার বাইকে করে কুশিদার কাপাইচন্ডি এলাকায় নিজের ইটভাটায় যাওয়ার পথে বিরুয়া বেলপুকুর এলাকায় তাঁর পথ আটকে দেয় একটি চারচাকা গাড়ি। অভিযোগ, গাড়ির ধাক্কায় তাঁকে ফেলে দেওয়ার পর হামলাকারীরা তাঁর উপর চড়াও হয়।

 

রড ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ। এতে তাঁর হাত ও পা ভেঙে যায় বলে দাবি পরিবারের সদস্যদের। গুরুতর জখম অবস্থায় তাঁকে প্রথমে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকেরা তাঁকে মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করেন। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন।ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। আক্রান্তের বাবা মজিবুর রহমানের অভিযোগ, পরিকল্পিতভাবে তাঁর ছেলেকে খুনের উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে। তিনি বলেন, জমিদার পরিবারের ষড়যন্ত্রেই এই ঘটনা ঘটেছে। আমরা থানায় অভিযোগ দায়ের করেছি। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।’

আরও পড়ুন