মালদা,বিশ্বজিৎ মন্ডল: এক বিধবা মহিলার ধাবায় ঢুকে প্রকাশ্য দিবালোকে তান্ডব চালাল জনা কয়েক মদ্যপ যুবক। ধাবায় খেতে বসা কয়েকজন চালককে বেধড়ক মারধর করে ধাবায় যথেচ্ছভাবে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল তাদের বিরুদ্ধে। শনিবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হল মালদার ইংরেজবাজার থানার ব্যাসপুর এলাকায়। জানা গেছে, ওই এলাকার বাসীন্দা সঞ্জয় সাহা গত দুবছর আগে মারা গেছেন। তাই তার অবর্তমানে তার স্ত্রী বন্দনা সাহা তিন ছেলেকে নিয়ে মালদা-কালিয়াচক রাজ্য সড়কের ধারে ধাবা চালিয়ে সংসার প্রতিপালন করে আসছেন। কিন্তু শনিবার হঠাৎ করেই জনা কয়েক যুবক মদ্যপ অবস্থায় এসে ধাবায় ঢুকে রীতিমতো তান্ডব চালায়।
ধাৰায় খেতে বসা তিন-চারজন চালককে প্রথমে বেধড়ক মারধর করে। পরে তারা ধাবায় যথেচ্ছ ভাঙচুর চালায় বলে অভিযোগ। ঘটনায় যারপরনায় আতঙ্কিত হয়ে পড়েন ওই মহিলা। তিনি জানান, অভিযুক্তরা মাঝেমধ্যেই বাইরে থেকে মদ কিনে এনে ধাবায় বসে জোর করে খায়। নিষেদ্ধ করলেও কোনরকম পাত্তা দেয়না। আজ তারা মদ্যপ অবস্থায় এসে ধাবায় ভাঙচুর চালিয়েছে। তাই তিনি ইংরেজবাজার থানায় অভিযোগ জানান। অভিযোগ পেয়ে পুলিশ এসে ঘটনার তদন্ত করে যায়। তিনি চান পুলিশ যেন অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়। যাতে তিনি সুষ্ঠুভাবে ধারা চালাতে পারেন।


