দমদমে বিজেপির উদ্যোগে আয়োজিত একটি রক্তদান শিবির থেকে তিনি বলেন, ব্রিটিশদের থেকেও বেশি অত্যাচার চালিয়েছে তৃণমূল কংগ্রেস। ২০২৬ সালে দ্বিতীয়বার স্বাধীনতার স্বাদ পেল বাংলা।কর্মীদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, আপনারা ডাকাতকে হারিয়ে দিয়েছেন। এখন তোষণের রাজনীতি মুক্ত হয়েছে বাংলা। রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে।দীর্ঘ ৩৪ বছরের বাম শাসন ও ১৫ বছরের তৃণমূল সরকারের জেরে বাংলা অনেকটাই পিছিয়ে পড়েছে বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। তিনি জানান, এই রাজ্যকে নতুন করে গড়ে তোলাই এখন সরকারের মূল লক্ষ্য।নতুন সরকার গঠনের মাত্র ২৮-২৯ দিনের মধ্যেই একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী।
তিনি জানান, ইতিমধ্যে ৫০ লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার অর্থ পৌঁছে গিয়েছে। জল জীবন মিশন প্রকল্পের আওতায় বাড়ি বাড়ি পানীয় জল সরবরাহ শুরু হয়েছে। সীমান্ত সুরক্ষায় বিএসএফকে জমি দেওয়া হয়েছে। মেট্রো প্রকল্পের কাজে গতি এসেছে এবং ওয়াটার মেট্রোয় ছাড়পত্র মিলেছে। বিজেপির সংকল্পপত্রে থাকা সমস্ত প্রতিশ্রুতি ধীরে ধীরে পূরণ করা হবে বলেও আশ্বাস দেন তিনি।এই কর্মসূচি থেকে তৃণমূলকে ফের একহাত নেন শুভেন্দু। তিনি বলেন, ভাইপোর সব টেনিয়া পালিয়েছে। তৃণমূল পার্টিটা উঠে গিয়েছে।আমাদের কথা খরচ করতে হচ্ছে না। ওঁরা নিজেরাই… — বাকি কথা আর বলেননি মুখ্যমন্ত্রী।


